• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

ধর্ষণের মামলায় কালীগঞ্জে এনসিপি নেতা গ্রেপ্তার

newsline24 / ৯ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ধর্ষণের মামলায় কালীগঞ্জে এনসিপি নেতা গ্রেপ্তার
ধর্ষণের মামলায় কালীগঞ্জে এনসিপি নেতা গ্রেপ্তার

গাজীপুরের কালীগঞ্জে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে জাহিদ মুন্সি (২৬) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে আদালতে পাঠানো হয়েছে।

জাহিদ মুন্সি কালীগঞ্জ পৌরসভার মুনসেফপুর গ্রামের জাকির মিস্ত্রীর ছেলে। তিনি এনসিপির কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অভিযোগ ওঠার পর দলীয়ভাবে তাকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় চার মাস আগে জাহিদের দোকানে ঘড়ি কিনতে গিয়ে ওই কলেজছাত্রীর সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে ওই তরুণীকে একটি গেস্ট হাউজে নিয়ে যাওয়ার পর ধর্ষণ এবং ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণের অভিযোগ ওঠে জাহিদের বিরুদ্ধে।

অভিযোগে আরও বলা হয়েছে, পরে ওই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীকে বিভিন্ন স্থান ও আবাসিক স্থাপনায় নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। এসব স্থানের মধ্যে মিরের বাজারের একটি গেস্ট হাউজ, বিভিন্ন হোটেল ও রিসোর্ট এবং সরকারি শ্রমিক কলেজের পেছনে রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত স্টাফ কোয়ার্টারের কথাও মামলায় উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বিয়ের জন্য চাপ দিলে ভুক্তভোগীকে মারধর করার অভিযোগও করা হয়েছে।

পরে ওই কলেজছাত্রী বড় বোনকে সঙ্গে নিয়ে জাহিদের বাড়িতে গিয়ে জানতে পারেন, জাহিদ এর আগে একাধিক বিয়ে করেছেন এবং তার একটি সন্তান রয়েছে—এমন দাবি করা হয়েছে মামলার বিবরণে। এরপর ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে ১৪ সেপ্টেম্বর কালীগঞ্জ থানায় মামলা করেন।

অভিযোগ প্রকাশ্যে আসার পর জাহিদকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন এনসিপির গাজীপুর জেলা শাখার আহ্বায়ক এম এম শোয়াইব। তিনি জানান, দলীয় নীতি, আদর্শ ও নৈতিকতার পরিপন্থী কর্মকাণ্ডের গুরুতর অভিযোগের পর সাংগঠনিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন জানিয়েছেন, মামলার আসামি জাহিদ মুন্সিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। অভিযোগগুলোর আইনগত সত্যতা এখন বিচারিক ও তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category