• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম:
ঈশ্বরদীতে বিএনপির মিছিলে গুলি, আহত পাঁচ নেতাকর্মী হাতিরঝিলে প্রবাসীকে গুলি, অটোরিকশাচালককে কুপিয়ে জখম গণভোটের রায় বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার ও শেখ হাসিনার রায় কার্যকরের দাবি নাহিদের বিএনপিতে ফেরার আবেদন করেননি রুমিন ফারহানা, জানালেন স্পষ্ট অবস্থান বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রক্রিয়া সহজ করছে সরকার: প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিক বিরোধ, ফের বৈঠক সাদিকুল হত্যা মামলা: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন বাতিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যের ডাক, রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের আহ্বান, অপরাধীদের বিচারের দাবি ইউনূসের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মধ্যাহ্নভোজে এনসিপি নেতারা

দৌলতপুরে অ্যানথ্রাক্সের বিস্তার, দুই মাসে আক্রান্ত ৫৪

newsline24 / ৬৬ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
দৌলতপুরে অ্যানথ্রাক্সের বিস্তার, দুই মাসে আক্রান্ত ৫৪
দৌলতপুরে অ্যানথ্রাক্সের বিস্তার, দুই মাসে আক্রান্ত ৫৪

কুষ্টিয়ার দৌলতপুরে গবাদিপশু থেকে মানুষের মধ্যে অ্যানথ্রাক্সের সংক্রমণ বাড়ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে এ রোগের উপসর্গ নিয়ে মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসছেন। গত আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দুই মাসে দৌলতপুরে অন্তত ৫৪ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে ৩০ জন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। সেপ্টেম্বরের ২৪ তারিখ পর্যন্ত নতুন করে আরও ২৪ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা নিয়ে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন পর্যন্ত এ রোগে মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি।

চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আক্রান্তদের বড় একটি অংশ অসুস্থ গবাদিপশু জবাই, মাংস কাটাকাটি কিংবা পশুর সংস্পর্শে আসার পর অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন। গ্রামাঞ্চলে কোনো গরু অসুস্থ হয়ে পড়লে সেটি জবাই করে মাংস বিক্রি বা পরিবারের মধ্যে ভাগ করে দেওয়ার প্রবণতাও সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে।

দৌলতপুরের গাছেরদিয়াড় গ্রামের কৃষক রফিকুল ইসলামের ঘটনাটি এর একটি উদাহরণ। পাশের বাড়ির একটি গরু অসুস্থ হয়ে পড়ার পর সেটি জবাই করা হয়। রফিকুল ওই গরুর মাংস কাটাকাটি ও ধোয়ামোছার কাজে অংশ নেন। দুই-তিন দিন পর তাঁর হাত ও আঙুলে ছোট ছোট ফোঁড়া ও ফোসকার মতো দাগ দেখা দেয়। পরে সেগুলো বড় হয়ে ক্ষতে পরিণত হয়। ক্ষতের মাঝখানে কালচে দাগ দেখা দেওয়ার পাশাপাশি তাঁর জ্বর ও শরীরব্যথা শুরু হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে অ্যানথ্রাক্স শনাক্ত হয়।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, সারা বছরই কমবেশি অ্যানথ্রাক্স আক্রান্ত রোগী পাওয়া যায়। তবে সাম্প্রতিক সময়ে রোগীর সংখ্যা বেড়েছে। আক্রান্তদের বেশির ভাগই অসুস্থ পশু জবাই কিংবা মাংস কাটাকাটির সঙ্গে যুক্ত ছিলেন। সময়মতো চিকিৎসা নিলে এ রোগ থেকে সুস্থ হওয়া সম্ভব।

অসুস্থ পশু জবাই করলেই বাড়ছে ঝুঁকি

অ্যানথ্রাক্স একটি ব্যাকটেরিয়াজনিত রোগ। আক্রান্ত গবাদিপশুর রক্ত, মাংস, চামড়া বা দেহাবশেষের সংস্পর্শে এলে মানুষের শরীরে সংক্রমণ হতে পারে। বিশেষ করে হাতে কাটা বা ক্ষত থাকলে ঝুঁকি আরও বেড়ে যায়।

মানুষের শরীরে অ্যানথ্রাক্সের সংক্রমণ হলে আক্রান্ত স্থানে প্রথমে ছোট গুটি বা ফোসকার মতো ক্ষত দেখা দিতে পারে। পরে ক্ষতটি বড় হয়ে মাঝখানে কালো দাগ তৈরি হতে পারে। জ্বর, শরীরব্যথা ও আক্রান্ত স্থানের আশপাশে ফোলাভাবও দেখা দিতে পারে। এমন উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজন রয়েছে।

দৌলতপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব জানান, অ্যানথ্রাক্স প্রতিরোধে গবাদিপশুকে টিকা দেওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। তবে অসুস্থ পশু গোপনে জবাই করে মাংস বিক্রির প্রবণতা পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না।

তিনি বলেন, কোনো পশু অসুস্থ হয়ে পড়লে সেটি কম দামে বিক্রি করে দেওয়া বা জবাই করে মাংস বাজারজাত করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমন পশু শনাক্ত হলে দ্রুত প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের জানাতে হবে।

নজরদারি বাড়ানোর দাবি

স্থানীয় বাসিন্দারা বলছেন, গ্রামের হাটবাজার ও মাংস বিক্রির স্থানগুলোতে নজরদারি বাড়ানো প্রয়োজন। অনেক সময় অসুস্থ গরু মালিকেরা কম দামে বিক্রি করে দেন। পরে সেই পশু জবাই করে মাংস বাজারে বিক্রি করা হয়। বিষয়টি নিয়ন্ত্রণ করা না গেলে সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

দৌলতপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও অসুস্থ পশু জবাই ও মাংস বিক্রির বিরুদ্ধে নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি মানুষকে অসুস্থ পশুর সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

চিকিৎসক ও প্রাণিসম্পদ কর্মকর্তারা বলছেন, কোনো গবাদিপশু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বা মারা গেলে সেটি জবাই করা যাবে না। ওই পশুর মাংস খাওয়া কিংবা বিক্রিও করা উচিত নয়। পশুর দেহাবশেষ খালি হাতে নাড়াচাড়া না করে বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট প্রাণিসম্পদ কর্মকর্তাকে জানাতে হবে।

দৌলতপুরে অ্যানথ্রাক্স আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় গবাদিপশুর টিকাদান, অসুস্থ পশু শনাক্তকরণ, জবাই বন্ধে নজরদারি এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে মাংস কাটাকাটির পর হাতে ফোসকা, ক্ষত বা কালচে দাগ দেখা দিলে দেরি না করে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category