• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

দুধে গোসল করে অনলাইন জুয়া ছাড়ার শপথ যুবকের

newsline24 / ১১ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
দুধে গোসল করে অনলাইন জুয়া ছাড়ার শপথ যুবকের
দুধে গোসল করে অনলাইন জুয়া ছাড়ার শপথ যুবকের

খাগড়াছড়ির রামগড়ে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে অনলাইন ক্যাসিনো ও জুয়া থেকে চিরতরে সরে আসার শপথ নিয়েছেন এক যুবক। দীর্ঘ কয়েক বছর অনলাইন জুয়ার নেশায় বিপুল অর্থ হারানোর পর নিজের ভুল বুঝতে পেরে নতুনভাবে জীবন শুরু করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লামকুপাড়া এলাকায় ১ নম্বর রামগড় ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এ ব্যতিক্রমী ঘটনার আয়োজন করা হয়। সেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার বাসিন্দাদের উপস্থিতিতে প্রায় ১০ লিটার দুধ দিয়ে গোসল করেন সজীব মিয়া (২৬)। এ সময় উপস্থিত কয়েকজন ব্যক্তি তার গায়ে দুধ ঢেলে দেন।

সজীব মিয়া লামকুপাড়া গ্রামের নুরুন্নবীর ছেলে। পেশায় তিনি একজন সবজি ব্যবসায়ী এবং এলাকায় তার একটি সবজির দোকান রয়েছে। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে থাকার কারণে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নানা ধরনের সমস্যার মুখোমুখি হন। শেষ পর্যন্ত নিজের জীবন ও পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে এই আসক্তি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন।

সজীব জানান, মোবাইল ফোনে বিভিন্ন বিজ্ঞাপন দেখে তিনি অনলাইন ক্যাসিনো ও জুয়ার প্রতি আকৃষ্ট হন। এরপর প্রায় সাত থেকে আট বছর ধরে তিনি নিয়মিত এসব খেলায় জড়িয়ে পড়েন। তার দাবি, এই সময়ে তিনি প্রায় ১৫ লাখ টাকা হারিয়েছেন। একপর্যায়ে জুয়ার প্রতি আসক্তি এতটাই বেড়ে যায় যে, নিজের কাছে সামান্য টাকা থাকলেও আরও টাকা ধার করে খেলায় ব্যয় করতেন।

তিনি বলেন, জুয়ার নেশা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা হিসেবে একসময় নিজের স্মার্টফোনও ভেঙে ফেলেছিলেন। কিন্তু কিছুদিন পর আবারও সেই অভ্যাসে ফিরে যান। প্রায় দুই মাস আগে তিনি চূড়ান্তভাবে অনলাইন জুয়া ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এর মধ্যে তিনি বিয়েও করেন। তার স্ত্রীও তাকে জুয়া থেকে দূরে থাকার জন্য শপথ করান বলে জানান সজীব।

এরপর নিজের অতীতের ভুল ও জুয়ার কারণে বিপথে যাওয়ার বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সামনে তুলে ধরেন তিনি। তাদের উপস্থিতিতেই আর কখনো অনলাইন ক্যাসিনো বা কোনো ধরনের জুয়ার সঙ্গে জড়াবেন না বলে অঙ্গীকার করেন। সেই অঙ্গীকারের প্রতীকী প্রকাশ হিসেবেই শনিবার দুধ দিয়ে গোসলের আয়োজন করা হয়।

সজীব বলেন, অনলাইন ক্যাসিনো ও বিভিন্ন ধরনের জুয়ার নেশা মানুষের জীবন ও পরিবারকে বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে। যারা এখনো এসবের সঙ্গে জড়িয়ে আছেন, তাদের দ্রুত এই পথ থেকে সরে আসার আহ্বান জানান তিনি। সততার সঙ্গে ব্যবসা করে পরিবার-পরিজন নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে চান বলেও জানান তিনি। এ জন্য সবার সহযোগিতা কামনা করেন।

তার এই প্রকাশ্য শপথের ঘটনাকে স্থানীয় প্রশাসন, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের অনেকে ইতিবাচক হিসেবে দেখছেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম বলেন, নিজের ভুল উপলব্ধি করে জুয়ার পথ থেকে ফিরে আসার সিদ্ধান্ত নেওয়ার জন্য সজীব প্রশংসার দাবিদার। তার এই উদ্যোগ অন্যদেরও অনলাইন জুয়ার ক্ষতিকর দিক থেকে বেরিয়ে আসতে উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, এটি একটি বিরল ঘটনা এবং সমাজের জন্য একটি দৃষ্টান্ত হতে পারে। যারা জুয়ার আসক্তিতে জড়িয়ে পড়েছেন, তাদেরও নিজেদের ও পরিবারের ভবিষ্যতের কথা বিবেচনা করে এ ধরনের ক্ষতিকর অভ্যাস থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

দীর্ঘদিনের আসক্তি, আর্থিক ক্ষতি ও আত্ম-উপলব্ধির পর সজীবের নতুনভাবে শুরু করার এই প্রত্যয় এখন রামগড়ে আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, নিজের নেওয়া শপথে অটল থেকে তিনি স্বাভাবিক জীবনে ফিরবেন এবং তার এই সিদ্ধান্ত অন্য জুয়ায় আসক্ত ব্যক্তিদেরও সচেতন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category