• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

তুচ্ছ বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

newsline24 / ১০ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
তুচ্ছ বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
তুচ্ছ বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

কক্সবাজারের পেকুয়ায় টিউবওয়েলের পানি নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মো. ইউসুফ আলী (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হামলায় নিহতের পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার টইটং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলিম্যারঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ইউসুফ আলীকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেলে একটি টিউবওয়েল থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে কয়েকজন নারীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে।

নিহতের পরিবারের অভিযোগ, আলিম্যারঝিরি এলাকার বাসিন্দা নুরুল কাদের, তার ছেলে আকাশসহ আরও কয়েকজন নারী-পুরুষ তাদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এ সময় ইউসুফ আলী, তার ছেলে বেলাল উদ্দিন এবং মেয়ে দিলুয়ারা বেগম আহত হন।

নিহতের স্ত্রী ছেনুআরা বেগমের ভাষ্য, তার এক পুত্রবধূ পাশের একটি টিউবওয়েলে পানি আনতে গেলে নুরুল কাদেরের মেয়ে ফাহিম তাকে পানি নিতে বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে সামান্য কথা-কাটাকাটি হয়। পরে ফাহিম তার অন্তঃসত্ত্বা পুত্রবধূকে চুলের মুঠি ধরে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি। ঝগড়া থামাতে গিয়ে তার মেয়ে দিলুয়ারাও মারধরের শিকার হন।

ছেনুআরা বেগম আরও বলেন, খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার পথে নুরুল কাদের, আকাশ, মিনহাজ, সালমা, বালি ও আরও কয়েকজন নারী-পুরুষ তাদের ওপর হামলা চালান। এমনকি তাদের ধানখেতের কাদার মধ্যে চেপে ধরে মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করেন।

পরিবারের দাবি, হামলায় আহত ইউসুফ আলী চিকিৎসার জন্য পেকুয়ার দিকে রওনা হলে পথিমধ্যে খুইন্যাভিটা মাঠ এলাকায় ফের হামলার শিকার হন। সেখানে আগে থেকে অবস্থান করছিলেন নুরুল কাদের ও তার ছেলে আকাশ। তারা ইউসুফ আলীকে মারধরের একপর্যায়ে মাথার ওপর তুলে পাকা সড়কে আছাড় মারেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকের পরামর্শে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

ইউসুফ আলীর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়দের দাবি, অভিযুক্তরা রাতেই নিজেদের ঘরে তালা দিয়ে এলাকা ছেড়ে চলে যান। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি।

ঘটনাটি নিছক পানি নেওয়াকে কেন্দ্র করে শুরু হলেও পরবর্তী সংঘর্ষ এবং বৃদ্ধের মৃত্যুর ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। পরিবারের পক্ষ থেকে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category