• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
১২ দিনে দেশজুড়ে ৭৪ পরিবহনে আগুন, ককটেল বিস্ফোরণ ৭৮ স্থানে পোশাকশিল্পে অস্থিরতা, ক্ষতির আশঙ্কা ৪ হাজার কোটি টাকা শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোটের তারিখ জানাল ইসি রাত জেগে পাহারার পর পুলিশ বিশ্রামে যেতেই গাইবান্ধায় ছাত্রলীগের মিছিল ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তার দায়িত্বে বড় রদবদল ডিসেম্বর ঘিরে ৪০ দিনের কর্মসূচিতে জামায়াত, থাকছে দেশব্যাপী সমাবেশ গোপালগঞ্জে যাচ্ছে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস গোপালগঞ্জে সংসদ সদস্য সেলিমুজ্জামানের বাড়িতে আগুন, আতঙ্ক ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল হেলপারের

ডিসেম্বর ঘিরে ৪০ দিনের কর্মসূচিতে জামায়াত, থাকছে দেশব্যাপী সমাবেশ

newsline24 / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
ডিসেম্বর ঘিরে ৪০ দিনের কর্মসূচিতে জামায়াত, থাকছে দেশব্যাপী সমাবেশ
ডিসেম্বর ঘিরে ৪০ দিনের কর্মসূচিতে জামায়াত, থাকছে দেশব্যাপী সমাবেশ

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলার অবনতি এবং মহান বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে এসব কর্মসূচি পালন করবে দলটি। কর্মসূচির মধ্যে রয়েছে সমাবেশ, বিক্ষোভ মিছিল, আলোচনা সভা, মানববন্ধন, বিজয় র‍্যালি, রক্তদান, মেডিকেল ক্যাম্প এবং অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সহিংসতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে দলের অবস্থান তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে দলটির নেতাকর্মীদের সহিংস কর্মকাণ্ড এবং গণভোটের গণরায় কার্যকর না হওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ ও সংকট তৈরি হয়েছে। দিন যত যাচ্ছে, পরিস্থিতি সমাধানের কোনো কার্যকর পথ দৃশ্যমান হচ্ছে না।

তিনি দাবি করেন, বৃহস্পতিবারও দেশের ২২টির বেশি জেলায় সংঘাত ও সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দুজন নিহত হয়েছেন। এর আগের দিন হাসপাতাল, সংসদ সদস্যের বাড়ি এবং বিভিন্ন রাজনৈতিক নেতার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের দোকানপাট ও বাসাবাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এখন আর কোনো নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ নেই; দেশের বিভিন্ন স্থানে এর বিস্তার ঘটছে। হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও সহিংসতার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। সরকারের ব্যর্থতার কারণে জনগণ ক্রমাগত অনিরাপত্তার মধ্যে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় সংকট মোকাবিলায় সরকার, বিরোধী দল ও জনগণের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে একটি গ্রহণযোগ্য সমাধানের পথ তৈরি করা জরুরি। কিন্তু গণভোটের গণরায় মেনে না নেওয়ার কারণে রাজনৈতিক সংকট আরও জটিল হচ্ছে বলে তাঁদের দল মনে করে।

আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচি মোকাবিলায় বিএনপির মাঠে থাকার প্রসঙ্গ তুলে সাংবাদিকেরা জামায়াতের অবস্থান জানতে চাইলে মিয়া গোলাম পরওয়ার বলেন, তাঁরাও রাজনৈতিকভাবে মাঠে সক্রিয় রয়েছেন। তবে প্রতিহত ও প্রতিরোধের মধ্যে পার্থক্য রয়েছে। জনগণকে সঙ্গে নিয়েই তাঁরা ফ্যাসিবাদ প্রতিহত করতে চান।

তিনি বলেন, ফ্যাসিবাদ প্রতিহত করার অর্থ গাড়ি পোড়ানো, মানুষ হত্যা কিংবা সহিংসতা ছড়ানো নয়। জামায়াত নিয়মতান্ত্রিক ও অহিংস আন্দোলনে বিশ্বাস করে। জনগণই হবে এ ধরনের রাজনৈতিক প্রতিরোধের প্রধান শক্তি। কোনো ধরনের সহিংসতার সুযোগ তৈরি করে অতীতের স্বৈরাচারী পরিস্থিতি ফিরে আসার পথ তাঁরা উন্মুক্ত করতে চান না বলেও জানান তিনি।

দলটির সেক্রেটারি জেনারেল আরও বলেন, দেশপ্রেমিক, আধিপত্যবাদবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী জনগণকে ঐক্যবদ্ধ রাখার লক্ষ্যেই রাজনৈতিক পরিস্থিতি এবং বিজয়ের মাসকে কেন্দ্র করে এই কর্মসূচি নেওয়া হয়েছে।

জামায়াতের ৪০ দিনের কর্মসূচির বিস্তারিত

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২১ নভেম্বর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশ ও মিছিলের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। এরপর পর্যায়ক্রমে মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে রাজনৈতিক কর্মসূচি পালন করবে দলটি।

২৫ নভেম্বর ঢাকা ছাড়া দেশের ১১টি মহানগরীতে সমাবেশ ও মিছিল করবে জামায়াত। একই দিনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে দলটির মহিলা বিভাগের উদ্যোগে রাজধানীতে মানববন্ধন অনুষ্ঠিত হবে। ২৬ নভেম্বর জেলা সদরে এবং ৩০ নভেম্বর দেশব্যাপী উপজেলা ও থানা সদরে সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়েছে।

নভেম্বরের শেষ দিকে ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি প্রকাশের পাশাপাশি ডিসেম্বরজুড়েও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসকে কেন্দ্র করে কর্মসূচি রেখেছে দলটি। ২৯ নভেম্বর ফিলিস্তিনের জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

ডিসেম্বরের কর্মসূচিতে অর্থনীতি, শ্রমবাজার, রাজনীতি, মানবাধিকার ও পেশাজীবীদের বিভিন্ন বিষয়ও স্থান পেয়েছে। ২ ডিসেম্বর পোশাকশিল্পের অস্থিরতা ও সংকট সমাধানে আলোচনা সভা করবে জামায়াত। ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস, ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস এবং ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে পৃথক আলোচনা সভার আয়োজন করা হবে।

১৩ ডিসেম্বর ঢাকায় ব্যবসায়ী সম্মেলন এবং ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করবে দলটি। ১৫ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনা সভা এবং ১৬ ডিসেম্বর রাজধানীসহ সারা দেশে বিজয় র‍্যালির আয়োজন করা হবে।

এ ছাড়া ১৯ ডিসেম্বর শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ২০ ডিসেম্বর চিকিৎসক এবং ২১ ডিসেম্বর প্রকৌশলীদের উদ্যোগে পৃথক আলোচনা সভা আয়োজনের পরিকল্পনা রয়েছে। ২৩ ডিসেম্বর মহিলা বিভাগের উদ্যোগেও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

কর্মসূচির শেষ পর্যায়ে ২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিকেল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা দেওয়া হবে।

সব মিলিয়ে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক, মানবিক ও পেশাজীবীদের সম্পৃক্ত করার উদ্যোগও রেখেছে জামায়াতে ইসলামী। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হওয়া এসব কর্মসূচির বড় অংশজুড়েই থাকছে আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক সংকট এবং জাতীয় দিবসকেন্দ্রিক আয়োজন। ডিসেম্বরের শেষ দিন পর্যন্ত চলবে দলটির ঘোষিত এই কর্মসূচি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category