• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

ডিসেম্বরেই সংবিধান সংশোধনের চূড়ান্ত রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী

newsline24 / ৮ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ডিসেম্বরেই সংবিধান সংশোধনের চূড়ান্ত রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রী
ডিসেম্বরেই সংবিধান সংশোধনের চূড়ান্ত রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী ডিসেম্বরের মধ্যেই সংবিধান সংশোধন নিয়ে গঠিত বিশেষ কমিটির চূড়ান্ত রিপোর্ট সংসদে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে সংবিধানের ১৮তম সংশোধনী বিল সংসদে আনার কথা জানান তিনি।

রোববার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, কমিটির কাজ দ্রুত এগিয়ে নিতে প্রতি সপ্তাহে একটি করে বৈঠক করার পরিকল্পনা রয়েছে। ডিসেম্বরের শেষ নাগাদ আলোচনা শেষ করে রিপোর্ট প্রণয়নের কাজ চূড়ান্ত করার আশা প্রকাশ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশেষ কমিটির রিপোর্ট পাওয়ার পর আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সংবিধান সংশোধনী বিল তৈরি করে সংসদে উত্থাপন করা হবে। এরপর সংসদীয় প্রক্রিয়ায় প্রয়োজনীয় আলোচনা ও সিদ্ধান্তের মাধ্যমে সংশোধনের বিষয়গুলো এগিয়ে নেওয়া হবে।

কমিটির বৈঠকে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের বিষয়টিও তুলে ধরেন তিনি। ‘জুলাই জাতীয় সনদে’ স্বাক্ষরকারী ২৬টি রাজনৈতিক দলকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এর মধ্যে ১৫টি দল প্রতিনিধি পাঠিয়ে সরাসরি অংশ নেয়। এবি পার্টি লিখিত বক্তব্য দিয়েছে। জাতীয় গণফ্রন্টের নেতারা পারিবারিক অসুস্থতার কারণে শেষ মুহূর্তে উপস্থিত হতে না পারলেও টেলিফোনে সমর্থনের কথা জানিয়েছেন। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপি এখনো কমিটির কার্যক্রমে অংশ নেয়নি।

সংবিধানের সম্ভাব্য পরিবর্তনের ক্ষেত্রগুলো সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বলেন, শাসনব্যবস্থা, নির্বাচন, বিচার বিভাগ, জনপ্রশাসন ও পুলিশ ব্যবস্থায় সংস্কারের বিষয়ে তারা অঙ্গীকারবদ্ধ। অর্থবছর পরিবর্তনের বিষয়টিও এর সঙ্গে যুক্ত রয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে জুলাই-জুন অর্থবছরের পরিবর্তে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত অর্থবছর নির্ধারণের পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়নে সংবিধানের সংশ্লিষ্ট বিধানে পরিবর্তন প্রয়োজন হবে।

দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাব নিয়েও কথা বলেন কমিটির সভাপতি। তাঁর বক্তব্য অনুযায়ী, ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠনের বিষয়ে অনেক রাজনৈতিক দল একমত। তবে এই উচ্চকক্ষ সরাসরি ভোটে নির্বাচিত হবে না; সংসদে পাওয়া আসনের আনুপাতিক ভিত্তিতে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এটি গঠনের প্রস্তাব রয়েছে। উচ্চকক্ষের সংবিধান সংশোধনের ক্ষমতা থাকবে না বলেও জানান তিনি।

জুলাই জাতীয় সনদের বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, যেসব বিষয়ে ভিন্নমত ছিল, সেগুলো নির্বাচনী ইশতেহারে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এবং জনগণের ম্যান্ডেট নেওয়া হয়েছে। সেই ম্যান্ডেট ও প্রতিশ্রুতির ভিত্তিতেই বিষয়গুলো বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

সংবিধান সংশোধনের উদ্যোগ ভবিষ্যতে আদালতে চ্যালেঞ্জ হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান পরিবর্তনযোগ্য একটি দলিল এবং সময় ও সমাজের প্রয়োজন অনুযায়ী এর সংশোধন হতে পারে। তাঁর দাবি, কোনো রাজনৈতিক দল জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করে সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে জনচাহিদার ভিত্তিতে সংবিধানের বিভিন্ন বিধান পরিবর্তনের সুযোগ রয়েছে।

বিরোধী দলগুলো বর্তমানে সংসদে না থাকলেও সংবিধান সংশোধনী বিল উত্থাপনের সময় তারা সংসদীয় প্রক্রিয়ায় অংশ নেবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category