• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে হুমায়ুন কবিরের স্পষ্ট বার্তা

newsline24 / ৯ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে হুমায়ুন কবিরের স্পষ্ট বার্তা
ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে হুমায়ুন কবিরের স্পষ্ট বার্তা

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলাদা বৈঠকের তেমন সুযোগ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এবারের সফরের মূল লক্ষ্য জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেওয়া। ফলে সফরসূচিতে আলাদা দ্বিপক্ষীয় আলোচনার জন্য খুব বেশি সময় রাখার সুযোগ নেই।

স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টায় ম্যানহাটনের ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে প্রধানমন্ত্রীর সফরসূচি ও লক্ষ্য নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন হুমায়ুন কবির।

ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মার্কিন প্রেসিডেন্ট এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়ে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন। তবে বিষয়টি দ্বিপক্ষীয় বৈঠকের সঙ্গে সম্পর্কিত। উভয় পক্ষের জন্য সুবিধাজনক সময়ে পরবর্তী কোনো পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফরে এ ধরনের বৈঠক আয়োজনের বিষয়টি বিবেচনা করা হতে পারে।

এর আগে গত ৩১ আগস্ট বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠান ডোনাল্ড ট্রাম্প। ওই চিঠিতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে অদূর ভবিষ্যতে সাক্ষাতের প্রত্যাশার কথাও জানান।

এদিকে জাতিসংঘ সফরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির প্রভাব কতটা থাকবে—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, সেখানে দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আলোচনার সুযোগ খুব সীমিত। বরং গণতান্ত্রিক উত্তরণের পর নতুন বাংলাদেশের রূপরেখা, নেতৃত্ব ও নীতিগত অবস্থান বিশ্বমঞ্চে তুলে ধরাই হবে সফরের অন্যতম প্রধান লক্ষ্য।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের বহরও এবার তুলনামূলকভাবে ছোট রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন জানান, আনুষ্ঠানিক প্রতিনিধিদলে রয়েছেন ৩৩ জন। এর বাইরে নিরাপত্তাকর্মী, প্রয়োজনীয় গণমাধ্যমকর্মী এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কয়েকজন কর্মী রয়েছেন।

তিনি বলেন, প্রচলিত বড় বহরের পরিবর্তে সীমিত পরিসরে প্রতিনিধিদল পাঠানোর উদ্দেশ্য হলো রাষ্ট্রীয় অর্থের অপচয় কমানো এবং বহুপক্ষীয় কূটনীতিতে বাংলাদেশের স্বার্থ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ, জাতিসংঘে বাংলাদেশের উপস্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category