• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

জুয়ার টাকা না পেয়ে বসতঘরে আগুন, দুই ভাই পলাতক

newsline24 / ২১ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
জুয়ার টাকা না পেয়ে বসতঘরে আগুন, দুই ভাই পলাতক
জুয়ার টাকা না পেয়ে বসতঘরে আগুন, দুই ভাই পলাতক

শরীয়তপুরের নড়িয়ায় নেশা ও জুয়ার টাকা না পেয়ে নিজেদের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। আগুনে পরিবারের বসতঘরটি পুরোপুরি পুড়ে গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত দুই ভাই সোহান বেপারী ও ইমরান বেপারী পলাতক রয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঘড়িসার ইউনিয়নের সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার (১২ সেপ্টেম্বর) নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাইয়ুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বিষয়টি নিয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

অভিযুক্ত সোহান ও ইমরান একই এলাকার নাসির বেপারীর ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রের ভাষ্য, দুই ভাই দীর্ঘদিন ধরে নেশা ও জুয়ায় জড়িয়ে পড়েছেন। এসব কাজে টাকা জোগাড় করতে তারা নিয়মিত বাবা-মায়ের কাছে অর্থ চাইতেন। টাকা দিতে না পারলে বাবা-মায়ের সঙ্গে দুর্ব্যবহার, মারধর, বাড়িঘর ভাঙচুরসহ বিভিন্ন ধরনের নির্যাতন চালানোর অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

পরিবারের সদস্যরা জানান, কিছুদিন আগে দুই ছেলের নেশা ও জুয়ার খরচ মেটাতে তাদের বাবা ৩০ হাজার টাকা কিস্তিতে ঋণ নেন। কিন্তু সেই টাকা দুই ভাই জুয়া খেলে ও নেশা করে শেষ করে ফেলেন বলে অভিযোগ। পরে পরিবারের আর্থিক সংকটের মধ্যেও বাবা কষ্ট করে ওই ঋণের কিস্তি পরিশোধ করেন।

এরপর শুক্রবার রাতে আবারও দুই ভাই বাবার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। এবারও কিস্তিতে টাকা তুলে দেওয়ার জন্য চাপ দেন তারা। টাকা না দিলে বসতঘরে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। বাবা-মা টাকা দিতে অস্বীকৃতি জানালে একপর্যায়ে নিজেদের থাকার ঘরে আগুন ধরিয়ে দেন তারা।

আগুন লাগার খবর পেয়ে নড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে পরিবারের থাকার জায়গা ও ঘরের বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

নাসির বেপারীর বড় ছেলে আল আমিন বলেন, তার ছোট দুই ভাই নেশার জন্য টাকা না পেলে প্রায়ই বাবা-মায়ের সঙ্গে ঝামেলায় জড়াতেন। তাদের অভিযোগ, আগে ৩০ হাজার টাকা ঋণ করে দুই ভাইকে দেওয়া হলেও সেই অর্থও তারা জুয়া ও নেশায় খরচ করেছেন। এবার ৫০ হাজার টাকা দাবি করা হলেও বাবা তা দিতে রাজি না হওয়ায় তারা ঘরে আগুন দেন।

ঘটনার পর থেকেই সোহান ও ইমরান আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছে পরিবার। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। ফলে আগুন দেওয়ার অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান বলেন, নেশার টাকার জন্য দুই ভাই নিজেদের ঘরে আগুন দিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এলাকায় মাদকের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী, দীর্ঘদিনের নেশা ও জুয়ার আসক্তি থেকে তৈরি পারিবারিক বিরোধই শেষ পর্যন্ত আগুন দেওয়ার মতো ঘটনায় গড়িয়েছে। এখন অভিযুক্ত দুই ভাইকে আইনের আওতায় এনে ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণের পাশাপাশি পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করাই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category