নাটোর রেলওয়ে স্টেশনে জার্মান নাগরিক কিরিল লেন্ডার উইবারের ব্যাগ চুরির ঘটনায় অভিযুক্ত যুবককে শনাক্ত করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওই যুবককে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তার এবং চুরি যাওয়া ব্যাগ উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।
পুলিশ জানায়, স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হলুদ কটি পরা এক যুবক জার্মান নাগরিক কিরিলের সঙ্গে কৌশলে সখ্যতা গড়ে তোলেন। নিজেকে রেলের স্টাফ পরিচয় দিয়ে তিনি কিরিলের আস্থা অর্জন করেন। একপর্যায়ে কিরিল টিকিট কাটতে গেলে ব্যাগটি ওই ব্যক্তির কাছে রেখে যান। সুযোগ বুঝে যুবকটি নিজের পরিহিত কটি খুলে তার ভেতরে ব্যাগটি লুকিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন জানান, ঘটনার খবর পাওয়ার পর থেকেই ব্যাগ উদ্ধারে পুলিশ কাজ শুরু করে। রাতভর অভিযান চালানোর পাশাপাশি নাটোর রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করা হয়েছে। ফুটেজের সূত্র ধরেই অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়েছে।
এর আগে বুধবার জার্মান নাগরিক কিরিল লেন্ডার উইবার (১৮) নাটোরে আসেন। রেলস্টেশনে হলুদ কটি পরা ওই ব্যক্তি নিজেকে রেলের কর্মী হিসেবে পরিচয় দেন। কথাবার্তার একপর্যায়ে কিরিলের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে টিকিট নেওয়ার জন্য যাওয়ার সময় সরল বিশ্বাসে নিজের ব্যাগটি ওই ব্যক্তির কাছে রেখে যান কিরিল। ফিরে এসে তিনি দেখেন, ব্যাগসহ ওই ব্যক্তি আর সেখানে নেই।
কিরিলের ব্যাগে একটি ল্যাপটপ, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সামগ্রী ছিল। ব্যাগ হারিয়ে যাওয়ার পর তিনি রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। পরে তাকে নাটোর সদর থানায় পাঠানো হয়। সেখানে সহায়তার অপেক্ষায় দীর্ঘ সময় অবস্থান করেন তিনি। এ সময় ব্যাগ হারানোর ঘটনায় কান্নায় ভেঙে পড়েন কিরিল। গভীর রাত পর্যন্ত সাংবাদিকরাও তার সঙ্গে থানায় অবস্থান করেন।
এদিকে নাটোরে ভালো মানের হোটেল না থাকায় তার নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে কিরিলকে রাজশাহীতে পাঠানো হয়। পুলিশ জানিয়েছিল, তার ম্যাকবুকের সর্বশেষ লোকেশন রাজশাহীতে শনাক্ত হয়েছিল।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, শনাক্ত হওয়া অভিযুক্তকে গ্রেপ্তার এবং কিরিলের হারিয়ে যাওয়া ব্যাগ ও ভেতরে থাকা গুরুত্বপূর্ণ জিনিসপত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। ব্যাগটি উদ্ধার হলে কিরিলের ব্যক্তিগত ও মূল্যবান সামগ্রী ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হবে।