জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে আজ বৃহস্পতিবার বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্ক সময় বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে, যা বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টা। তবে কর্মসূচির সময় পরিবর্তন হতে পারে। সাধারণ পরিষদের বিকেলের অধিবেশনে তিনি ১১তম বক্তা হিসেবে বক্তব্য দেবেন এবং তাঁর জন্য ১৫ মিনিট সময় নির্ধারিত রয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন জানিয়েছেন, দেশের আবেগ, অনুভূতি ও আকাঙ্ক্ষাকে ধারণ করে প্রধানমন্ত্রী বাংলায় বক্তব্য দেবেন। তাঁর ভাষণের মধ্য দিয়ে জাতিসংঘের এই বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক অগ্রাধিকারের বিষয় তুলে ধরার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন ও জবাবদিহি, বিশ্বশান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, প্রযুক্তির ন্যায়সংগত ব্যবহার এবং বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কারের মতো বিষয় গুরুত্ব পেতে পারে। রোহিঙ্গা সংকটও তাঁর সফরের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়গুলোর একটি।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার আগে বৃহস্পতিবার সকালে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সৃষ্ট অস্তিত্বগত হুমকি মোকাবিলায় আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকে উদ্বোধনী বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে জলবায়ু অর্থায়ন, অভিযোজন, প্রযুক্তি হস্তান্তর, ক্ষয়ক্ষতি এবং জলবায়ু ন্যায়বিচারের মতো বিষয় নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরার কথা রয়েছে।
এ সফরে প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচিও রয়েছে। অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।
জাতিসংঘের ৮১তম অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান। এটি তাঁর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রথম অংশগ্রহণ। সফর শেষে ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক সময় রাত ১১টায় এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।