• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙারির বস্তায় লুকানো ককটেল বিস্ফোরণ, আহত ২ গুম-খুনের রাজনীতি ফিরিয়ে আনবে না বিএনপি সরকার: রিজভী গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ছুটি, বন্ধ ক্লাস-পরীক্ষা চুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে চার পেট্রোল বোমা, অল্পের জন্য রক্ষা বাকৃবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৯ আওয়ামী লীগের সন্ত্রাসের জবাব রাজপথেই দেবে ছাত্রদল: রাকিবুল ১২ দিনে দেশজুড়ে ৭৪ পরিবহনে আগুন, ককটেল বিস্ফোরণ ৭৮ স্থানে পোশাকশিল্পে অস্থিরতা, ক্ষতির আশঙ্কা ৪ হাজার কোটি টাকা শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোটের তারিখ জানাল ইসি

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ছুটি, বন্ধ ক্লাস-পরীক্ষা

newsline24 / ২৪ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ছুটি, বন্ধ ক্লাস-পরীক্ষা
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ছুটি, বন্ধ ক্লাস-পরীক্ষা

ক্যাম্পাসে রাজনৈতিক উত্তেজনা, একাধিক মিছিল এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সব ধরনের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে ১৮ ও ১৯ নভেম্বর সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একই সভার সিদ্ধান্তের ধারাবাহিকতায় জেলার সামগ্রিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ২২ নভেম্বর থেকে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তের পেছনে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা ও ক্যাম্পাসে একের পর এক কর্মসূচির বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কয়েক দিন ধরে চলা আন্দোলনের পাশাপাশি বৃহস্পতিবার ছাত্রলীগের নেতাকর্মীদের ক্যাম্পাসে প্রবেশ করে মিছিল ও স্লোগান দেওয়ার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে প্রশাসনিক ভবনের পাশ দিয়ে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে যান তারা। সেখানে কর্মসূচি শেষ করার সময় ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন। আওয়ামী লীগের কয়েকজন নেতার নামেও স্লোগান দিতে দেখা যায় তাদের।

মিছিল শেষে দেওয়া বক্তব্যে নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাখার দাবি জানান। আগামী সাত কর্মদিবসের মধ্যে নাম পরিবর্তন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে বঙ্গবন্ধুর ছবি পুনরায় স্থাপনের দাবি পূরণ না হলে নিজেরাই তা বাস্তবায়নের উদ্যোগ নেবেন বলে হুঁশিয়ারি দেন তারা।

এদিকে, একই দিন সকালে আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনগুলোর আহ্বানে চলা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দেশীয় অস্ত্র হাতে একটি মিছিলের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। এসব ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

শিক্ষার্থীদের একাংশের অভিযোগ, ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যদের বাইরে অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে দেখা যায়নি। তাদের মতে, বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালু রাখতে হলে আগে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত ২২ নভেম্বর থেকে সব বিভাগের ক্লাস, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কবে পুনরায় খুলবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।

এ অবস্থায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও চলমান একাডেমিক কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পুনরায় শুরুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আসতে পারে। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে নতুন কোনো তারিখ ঘোষণা করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category