কুমিল্লার নাঙ্গলকোটে মোটরসাইকেল দুর্ঘটনায় ইশাত আহমেদ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা আগে নিজের ফেসবুক আইডিতে ‘গতিতেই শান্তি’ লিখে একটি স্টোরি দিয়েছিলেন তিনি। এরপর দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গুরুতর আহত হন ইশাত। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ইশাত আহমেদ উপজেলার মক্রবপুর ইউনিয়নের মক্রবপুর গ্রামের পূর্বপাড়া এলাকার প্রবাসী ইলিয়াসের একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে ইশাত তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘গতিতেই শান্তি’ লেখা একটি স্টোরি দেন। এর প্রায় এক ঘণ্টা পর রাত ৯টার দিকে মোটরসাইকেল নিয়ে বটতলা চত্বরের দিকে যাচ্ছিলেন তিনি।
পথে সরকারি হাসপাতালের সড়ক এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ইশাত। একপর্যায়ে তিনি মোটরসাইকেলসহ সড়কে পড়ে যান। এতে তার মাথা, মুখসহ শরীরের বিভিন্ন অংশ গুরুতর জখম হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইশাতের মৃত্যু হয়।
ইশাতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের আবহ তৈরি হয়। তিনি পরিবারের একমাত্র ছেলে হওয়ায় তার মৃত্যুতে স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর ইসলাম দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান ইশাত। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় কারও কোনো অভিযোগ নেই।