কুষ্টিয়া সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে প্রায় ৪৩ লাখ ৮ হাজার টাকা মূল্যের ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকালে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ৬০০টি ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে এবং এর আগে রোববার রাতে কাজীপুর বিওপির এলাকায় ২০ বোতল ফেয়ারডিল সিরাপ ও ৩ হাজার সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। প্রাগপুর বাজারসংলগ্ন পাকা সড়কে চালানো ওই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬০০টি ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে পাওয়া যায়। জব্দ করা এসব ডিসপ্লের আনুমানিক মূল্য ৩৪ লাখ টাকা।
বিজিবির তথ্যমতে, জব্দ করা ডিসপ্লের মধ্যে ২০০টি ‘ক্রাউন আল্ট্রা এলসিডি ডিসপ্লে ৫০০+’ এবং ৪০০টি ‘ক্রাউন স্মার্ট এলসিডি ডিসপ্লে ৫০০+’ রয়েছে। অভিযানের সময় এসব পণ্যের কোনো দাবিদার পাওয়া যায়নি।
এর আগে রোববার রাত ৮টা ২০ মিনিটের দিকে কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রিফুজিপাড়া মাঠে অভিযান চালায় বিজিবি। সেখানে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ফেয়ারডিল সিরাপ ও ৩ হাজারটি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯ লাখ ৮ হাজার টাকা।
দুটি পৃথক অভিযানে জব্দ করা পণ্য ও মাদকদ্রব্যের মোট আনুমানিক সিজার মূল্য দাঁড়িয়েছে ৪৩ লাখ ৮ হাজার টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়কের পক্ষে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের তৎপরতার পাশাপাশি গোয়েন্দা কার্যক্রমও অব্যাহত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার কথা জানিয়েছে বিজিবি।