কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে কুষ্টিয়া শহর মহিলা দল। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের বিভিন্ন সড়কে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতা-কর্মীরা।
দুপুর ১টার দিকে কুষ্টিয়া শহরের পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। কুষ্টিয়া শহর মহিলা দলের সভানেত্রী শিল্পীর নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড় হয়ে শহীদ চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীদের হাতে ঝাড়ু দেখা যায় এবং তারা আমীর হামজার বক্তব্যের প্রতিবাদ জানান।
মিছিল শেষে শহীদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে মহিলা দলের নেত্রীরা আমীর হামজার বক্তব্যের সমালোচনা করেন এবং ভবিষ্যতেও এর বিরুদ্ধে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
মহিলা দল সূত্রে জানা গেছে, সোমবার কুষ্টিয়ার দৌলতপুরে জামায়াতে ইসলামী আয়োজিত একটি মতবিনিময় সভায় বক্তব্য দেন মুফতি আমীর হামজা। ওই অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে উদ্দেশ করে আমীর হামজাকে বিভিন্ন মন্তব্য করতে শোনা যায়।
ছড়িয়ে পড়া ভিডিওতে আমীর হামজাকে বলতে শোনা যায়, ‘আপনি তো সংরক্ষিত আসনের। আপনারই যদি এই ভাব হয়, তাহলে আমার তো ১০০ গুণ ভাব হওয়া দরকার। আমি ১ লাখ ৮৩ হাজার ভোট পেয়েছি। আর আপনার তো কোনো ভোট নেই।’
এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে মহিলা দলের নেত্রীরা বলেন, ফরিদা ইয়াসমিন তাদের এলাকার নারী সংসদ সদস্য। একজন সংসদ সদস্যের পক্ষ থেকে আরেকজন নারী সংসদ সদস্যকে নিয়ে এ ধরনের মন্তব্য করা অনুচিত বলে তারা মনে করেন। তাদের দাবি, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কোনো নারীকে উদ্দেশ করে অসম্মানজনক বক্তব্য দেওয়া গ্রহণযোগ্য নয়।
সমাবেশে বক্তারা আরও বলেন, মুফতি আমীর হামজা একজন ইসলামি বক্তা হিসেবেও পরিচিত। তার কাছ থেকে এমন বক্তব্য তারা প্রত্যাশা করেননি। বিভিন্ন সম্মেলন ও ওয়াজ মাহফিলে ব্যক্তিবিশেষকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে বলেও সমাবেশ থেকে অভিযোগ করা হয়।
মহিলা দলের নেত্রীরা বলেন, বক্তব্যের ধরন পরিবর্তন করে দায়িত্বশীল আচরণ না করলে ভবিষ্যতে আমীর হামজার বিরুদ্ধে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। তারা এ বিষয়ে রাজনৈতিক ও সাংগঠনিক প্রতিবাদ অব্যাহত রাখার কথাও জানান।
কর্মসূচিতে কুষ্টিয়া শহর মহিলা দলের সভানেত্রী শিল্পীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে আমীর হামজার বক্তব্যের বিষয়ে তার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়ার তথ্য এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।