পাবনার ফরিদপুরে সাকিব আল হাসান (১৩) নামে এক কিশোরকে হত্যা করে তার বাবার ব্যাটারিচালিত অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় শাহিন আলম ইমন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে ইমন হত্যার কথা স্বীকার করেছেন এবং ছিনতাই করা ভ্যানটি স্থানীয় এক সাবেক ইউপি সদস্যের কাছে বিক্রি করার তথ্য দিয়েছেন। পরে ভ্যানটি কেনার অভিযোগে মুক্তার হোসেন (৪৫) নামে ওই সাবেক ইউপি সদস্যকেও আটক করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ।
পুলিশ জানায়, গ্রেপ্তার শাহিন আলম ইমন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কালিয়াকৈর (আকন্দপাড়া) গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি ফরিদপুর উপজেলার দিঘুলিয়া মধ্যপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। অন্যদিকে আটক মুক্তার হোসেন ধানুয়াঘাটা এলাকার বাসিন্দা এবং সাবেক ইউপি সদস্য।
পুলিশের ভাষ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে ইমনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ধানুয়াঘাটা বাজার এলাকার একটি ভাঙাড়ির দোকান থেকে ছিনতাই হওয়া ব্যাটারিচালিত অটোভ্যানটি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঠের বাটাম এবং ভ্যান বিক্রির টাকা থেকেও ৯ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
ওসি জানান, ইমন ভ্যানটি ১৭ হাজার টাকায় বিক্রি করেছিলেন। এর মধ্যে ৮ হাজার টাকা তিনি খরচ করে ফেলেছেন বলে পুলিশকে জানিয়েছেন।
ঘটনার সূত্রপাত গত রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে। ওই দিন সকাল ৬টার দিকে ফরিদপুরের রতনপুর গ্রামের হারিজ উদ্দীনের ছেলে সাকিব তার বাবার ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে ডেমরা বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। কিন্তু দুপুর গড়িয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন।
পরে বিকেল ৫টার দিকে ডেমরা ইউনিয়নের মাজাট গ্রামের মাজাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাজাট কবরস্থানের মাঝামাঝি বড়াল নদীর তীরে পানিতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি সাকিবের বলে শনাক্ত করেন।
এ ঘটনায় নিহত সাকিবের বাবা হারিজ উদ্দীন বাদী হয়ে ফরিদপুর থানায় হত্যা মামলা করেন।
মামলার পর তদন্তে নামে পুলিশ। তদন্ত কর্মকর্তা এসআই আরিফুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়।
এরপর সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ২টার দিকে দিঘুলিয়া বাজার এলাকা থেকে শাহিন আলম ইমনকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া অটোভ্যানটি উদ্ধার করা সম্ভব হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে ইমন হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
পুলিশ আরও জানায়, ভ্যানটি কেনার অভিযোগে সাবেক ইউপি সদস্য মুক্তার হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।
আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে শাহিন আলম ইমনকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে ফরিদপুর থানার ওসি মনজুরুল হাসান মাসুদের পাশাপাশি ওসি (তদন্ত) আল হেলাল মাহমুদ, এসআই আরিফুল ইসলাম ও এসআই নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন।