• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

কিলোমিটারে ২০ পয়সা বাড়ছে বাসভাড়া

newsline24 / ১৮ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
কিলোমিটারে ২০ পয়সা বাড়ছে বাসভাড়া
কিলোমিটারে ২০ পয়সা বাড়ছে বাসভাড়া

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসভাড়া ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে পরিবহন মালিকপক্ষ। নতুন প্রস্তাব অনুযায়ী, সিটি সার্ভিসের বাসে কিলোমিটারপ্রতি ১৮ পয়সা এবং দূরপাল্লার বাসে ২০ পয়সা ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভাড়া সমন্বয় কমিটির বৈঠকে আলোচনা ও সুপারিশ করা হয়েছে। দুই-এক দিনের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।

সোমবার বিকেলে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে ভাড়া সমন্বয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় শুরু হওয়া বৈঠকটি শেষ হয় প্রায় ৫টার দিকে। বৈঠকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন খাতে ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে বাসভাড়া সমন্বয়ের দাবি জানায় মালিকপক্ষ।

মালিকপক্ষের প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাসে বর্তমানে প্রতি কিলোমিটার ২ টাকা ২৩ পয়সা ভাড়া থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করার কথা বলা হয়েছে। অর্থাৎ এ ক্ষেত্রে কিলোমিটারপ্রতি ভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব রয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসের ক্ষেত্রেও ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা ভাড়া থেকে তা বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা করার প্রস্তাব করেছে মালিকপক্ষ। অন্যদিকে, ডিটিসি এলাকায় চলাচলকারী মিনিবাসের ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে কিলোমিটারপ্রতি ২ টাকা ৫২ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

তবে সর্বনিম্ন ভাড়ার ক্ষেত্রে কোনো পরিবর্তনের প্রস্তাব করা হয়নি। বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা অপরিবর্তিত রাখার সুপারিশ করা হয়েছে।

বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বিআরটিএর ভাড়া সমন্বয় কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করে সুপারিশ করা হয়েছে।

এখন বিআরটিএর প্রক্রিয়া শেষে ভাড়া সমন্বয়ের বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি হওয়ার অপেক্ষা রয়েছে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, আগামী দুই-এক দিনের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। প্রজ্ঞাপন জারি হলে নতুন ভাড়া কার্যকর হওয়ার পর যাত্রীদের যাতায়াত খরচে এর সরাসরি প্রভাব পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category