সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ১৩৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৪, সিপিসি-২। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের বগাবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার (৭ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৪, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক।
গ্রেপ্তার দুজন হলেন মো. শাহিন আলম (২৩) ও মো. বাবুল (৩২)।
এসআরবি-৪ সূত্র জানায়, বগাবাড়ী বাজার এলাকায় বিপুল পরিমাণ গাঁজা নিয়ে কয়েকজন মাদক কারবারি অবস্থান করছে—গোপন সূত্রে এমন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হকের নেতৃত্বে অভিযানে অংশ নেন সহকারী পুলিশ সুপার ফয়েজ সারজিল, স্কোয়াড কমান্ডার হালিউজ্জামানসহ সিপিসি-২-এর একটি আভিযানিক দল।
অভিযানের সময় শাহিন আলম ও বাবুলকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ১৩৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আভিযানিক দলটি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে আশুলিয়ায় এনে মজুদ করার কথা জানিয়েছেন। পরে আশুলিয়া, সাভার, ধামরাইসহ আশপাশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছে এসব মাদক সরবরাহ করা হতো বলে তারা জানান।
এসআরবি-৪, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩৭ কেজি গাঁজাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের মাদক সংগ্রহ ও সরবরাহের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার শাহিন আলম ও বাবুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৪ জানিয়েছে, মাদকদ্রব্যের উৎস, সরবরাহব্যবস্থা এবং এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। একই সঙ্গে এলাকায় মাদকবিরোধী অভিযানও চলমান থাকবে।