• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল ৭ জনের

newsline24 / ১০ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল ৭ জনের
আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল ৭ জনের

সাভারের আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় পোশাক কারখানার সামনে গ্যাস সিলিন্ডারবাহী লরিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জামগড়া চৌরাস্তা এলাকায় প্রীতি কম্পোজিট নিট লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, হঠাৎ বিকট শব্দে পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। কারখানার ভেতরে থাকা শ্রমিকদের মধ্যে শুরু হয় হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা।

বিস্ফোরণের তীব্রতায় কারখানার অন্তত তিনটি ভবনের জানালার কাঁচ ভেঙে যায়। আতঙ্কে দ্রুত বের হতে গিয়ে কয়েকজন শ্রমিক আহত হন। এ সময় বিস্ফোরিত একটি গ্যাস সিলিন্ডার ছিটকে কারখানার সামনের একটি টিনশেড দোকানে গিয়ে পড়ে। এতে দোকানে থাকা এক নারী নিহত হন।

ঘটনার ভয়াবহতা বর্ণনা করে স্থানীয় এক বাসিন্দা বলেন, বিস্ফোরণের শব্দ ছিল অত্যন্ত তীব্র। হঠাৎ এমন শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।

এক পোশাকশ্রমিক জানান, বিস্ফোরণের সময় তারা কারখানার ভেতরে ছিলেন। আগুন দেখতে পেয়ে তারা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। পরে কারখানার বাইরে গ্যাস সিলিন্ডারবাহী লরিতে আগুন জ্বলতে দেখা যায়।

প্রথমে কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ দল আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জিরাবো ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জোন-৪-এর উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও ঘটনাস্থলে তখনও গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছিল। সিলিন্ডারগুলো থেকে গ্যাস অপসারণের কাজ বাকি ছিল।

তিনি বলেন, ঘটনাস্থলে সার্চ চালিয়ে আর কোনো হতাহত আছে কি না, তা দেখা হবে। একই সঙ্গে প্রতিটি সিলিন্ডার গ্যাসমুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনার পর আহত ১৪ জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকাজের পাশাপাশি ঘটনাস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category