• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণ, বাড়ল দৈনিক মৃত্যুর হার

newsline24 / ৮ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণ, বাড়ল দৈনিক মৃত্যুর হার
আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণ, বাড়ল দৈনিক মৃত্যুর হার

আগস্ট মাসে দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত এবং ৬৬৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬১ জন নারী ও ৫৮ জন শিশু। রোড সেফটি ফাউন্ডেশনের (আরএসএফ) মাসিক দুর্ঘটনা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, আগস্টে ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৬ জন নিহত হয়েছেন, যা মোট প্রাণহানির ৩৬ দশমিক ৫৯ শতাংশ। এ সময়ে ১০২ জন পথচারী এবং যানবাহনের ৬৭ জন চালক ও সহকারীও প্রাণ হারিয়েছেন।

দুর্ঘটনার সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে। এসব সড়কে ২১৭টি দুর্ঘটনা হয়েছে। জাতীয় মহাসড়কে ১৬৩টি, শহরের সড়কে ৭১টি এবং গ্রামীণ সড়কে ৬২টি দুর্ঘটনা ঘটেছে।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি হয়েছে ঢাকা বিভাগে। সেখানে ১৭২টি দুর্ঘটনায় ১৪৪ জন নিহত হয়েছেন। একক জেলা হিসেবে বগুড়ায় সর্বোচ্চ ৩৭ জন নিহত হয়েছেন। রাজধানী ঢাকায় ৪৮টি দুর্ঘটনায় ২৩ জন নিহত এবং ৫৪ জন আহত হয়েছেন।

জুলাইয়ের তুলনায় আগস্টে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে। জুলাইয়ে প্রতিদিন গড়ে ১৩ দশমিক ৪১ জন নিহত হলেও আগস্টে এ সংখ্যা দাঁড়িয়েছে ১৫ দশমিক ৫১ জনে। অর্থাৎ দৈনিক গড় প্রাণহানি বেড়েছে ১৫ দশমিক ৬৫ শতাংশ।

আরএসএফের বিশ্লেষণে অতিরিক্ত গতি, ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, চালকদের অদক্ষতা ও বেপরোয়া মানসিকতা, অনিয়মিত কর্মঘণ্টা, মহাসড়কে স্বল্পগতির যান চলাচল এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

দুর্ঘটনা কমাতে গতি নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর নজরদারি, চালকদের প্রশিক্ষণ, মেয়াদোত্তীর্ণ যানবাহন প্রত্যাহার, আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার এবং নিরাপদ সড়ক নকশার সুপারিশ করেছে আরএসএফ। আগস্টে সড়কের পাশাপাশি নৌ ও রেলপথেও দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে। সাতটি নৌ-দুর্ঘটনায় ছয়জন নিহত ও নয়জন আহত হয়েছেন। ৩৪টি রেল ট্র্যাক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৭ জন এবং আহত হয়েছেন ২৩ জন।

সড়ক দুর্ঘটনায় মোট ৭৪৯টি যানবাহন সম্পৃক্ত ছিল। এর মধ্যে মোটরসাইকেল ছিল ১৯৪টি, থ্রি-হুইলার ১১২টি, ট্রাক ১০৮টি এবং বাস ১০৩টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category