কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর ও ফ্যাসিবাদী শক্তির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পারলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ কাজে পুলিশের গোয়েন্দা তথ্য ও সক্ষমতা সর্বোচ্চ ব্যবহারের নির্দেশও দিয়েছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) পুলিশ সপ্তাহ-২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যারা ফ্যাসিবাদের, আওয়ামী শক্তির দোসরদের আইনের আওতায় আনতে পারবে, তাদের আমরা পুরস্কৃত করব।’ তিনি জানান, গত সপ্তাহে এমন দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং গতকালও একজনকে গ্রেফতার করা হয়েছে।
দীর্ঘদিন ধরে তারা কীভাবে আত্মগোপনে ছিলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘এতদিন এখানেই লুকিয়ে ছিল তারা। আমাদের ইন্টেলিজেন্স সাপোর্ট কোথায় ছিল?’
পুলিশের গোয়েন্দা সক্ষমতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, অন্যান্য সংস্থার গোয়েন্দা সহায়তার তুলনায় পুলিশের ইন্টেলিজেন্স সাপোর্টকে তিনি সবচেয়ে কার্যকর মনে করেন। তাই অপরাধী ও নাশকতাকারীদের শনাক্তে গোয়েন্দা তথ্য যথাযথভাবে কাজে লাগানোর নির্দেশ দেন তিনি।
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে—এমন ব্যক্তিদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
পুলিশ সদস্যদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, শৃঙ্খলা ভঙ্গ করলে কিংবা ফ্যাসিবাদের দোসরদের গোপনে সহায়তা করলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা করতে সরকার পিছপা হবে না।
তিনি বলেন, ‘রাষ্ট্রদ্রোহ মামলাতে অভিযুক্ত করতেও আমরা পিছপা হব না যদি ইনডিসিপ্লিন কেউ করে থাকে।’ একই সঙ্গে তৃণমূল পর্যায় থেকে আইজিপি পর্যন্ত সবাইকে দায়িত্ব পালনে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমাজ ও রাষ্ট্রের প্রয়োজন, শৃঙ্খলা রক্ষা এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে কঠোর হতে হবে।
পুলিশের ভূমিকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অনস্বীকার্য। রাষ্ট্রের দৃশ্যমান অবয়ব হিসেবে জনগণের সঙ্গে পুলিশের সরাসরি যোগাযোগ রয়েছে। কোনো নাগরিক অপরাধের শিকার হলে কিংবা নিরাপত্তাহীনতায় পড়লে প্রথমেই পুলিশের দ্বারস্থ হন।
তিনি আরও বলেন, পুলিশের দায়িত্ব শুধু অপরাধী গ্রেফতার বা আইন প্রয়োগের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষা এবং রাষ্ট্রের প্রতি নাগরিকের আস্থা তৈরির বিষয়টিও পুলিশের দায়িত্বের সঙ্গে গভীরভাবে জড়িত।
সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার এমন একটি পুলিশ বাহিনী গড়ে তুলতে চায়, যা দক্ষতা ও পেশাদারিত্বে আধুনিক, প্রযুক্তিতে সক্ষম, আচরণে মানবিক, আইন প্রয়োগে দৃঢ়, দায়িত্ব পালনে নিরপেক্ষ এবং জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক হবে।