কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মরদেহ উদ্ধারের ঘটনায় স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীকে ফোন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। ফোনে অপ্রতিমের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে অপ্রতিমের মরদেহ উদ্ধারের ঘটনাস্থল থেকে স্বরাষ্ট্র সচিবকে ফোন করেন এমপি মনিরুল হক। এ সময় তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘটে যাওয়া ঘটনাটি সম্পর্কে স্বরাষ্ট্র সচিব অবগত আছেন কি না জানতে চান এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।
এমপি মনিরুল হকের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ফোনের শুরুতেই নিজের পরিচয় দিয়ে তিনি বলেন, ‘আমি মনিরুল হক চৌধুরী বলছিলাম।’ এরপর কান্নাজড়িত কণ্ঠে অপ্রতিমের মৃত্যুর বিষয়টি তুলে ধরে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।
জবাবে স্বরাষ্ট্র সচিব জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং এ নিয়ে কী ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে কাজ করছেন। তিনি আরও জানান, এ বিষয়ে একটি রিপোর্ট তিনি পেয়েছেন এবং সেটি দেখছেন। পরে মনিরুল হক ঘটনাটিকে ‘একেবারে অসহনীয় পরিস্থিতি’ উল্লেখ করে স্বরাষ্ট্র সচিবকে বিষয়টিতে গুরুত্ব দেওয়ার জন্য ধন্যবাদ জানান।
এর আগে অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর তার পরিবারের সঙ্গে দেখা করতে বাসায় যান এমপি মনিরুল হক চৌধুরী। সেখানে ছেলেকে হারানোর শোকে ভেঙে পড়েন অপ্রতিমের মা ড. নাহিদা বেগম। বিলাপ করতে করতে তিনি বারবার জানতে চান, তার ছেলে কী অপরাধ করেছিল।
নাহিদা বেগম বলেন, তিনি কুমিল্লায় চাকরি করতে এসেছেন—এটাই কি তার অপরাধ? তার ছোট ছেলের কোনো অন্যায় ছিল কি না, সেটিই তিনি জানতে চান। ছেলেকে হারিয়ে কীভাবে বাকি জীবন কাটাবেন, সেই প্রশ্নও বারবার করেন তিনি।
মায়ের এমন আহাজারি শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন এমপি মনিরুল হক। একপর্যায়ে তিনি নাহিদা বেগমকে বলেন, ‘এর কোনো জবাব আমার কাছে নেই মা।’
পুলিশ জানায়, শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে ইশায়াত শাহরিয়ারের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
ইশায়াত কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে কুমিল্লা সদর দক্ষিণ থানার ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকায় বাবা-মায়ের সঙ্গে থাকত।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার বেলা আড়াইটার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয় ইশায়াত। এরপর সে আর বাড়িতে ফেরেনি। নিখোঁজ হওয়ার পরদিন তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাটি ঘিরে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি নানা প্রশ্ন তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর বিষয়টি নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম চলছে। অপ্রতিমের মৃত্যুর প্রকৃত কারণ এবং তার মাথায় আঘাত কীভাবে লেগেছে, সে বিষয়ে তদন্তের তথ্যই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।