মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী যেখানে অনিয়ম বা অন্যায়ের ঘটনা দেখতে পাচ্ছে, সেখানেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না বলেও মন্তব্য করেন তিনি। যারা অন্যায় করবে, তাদের বিরুদ্ধেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার সকাল ১১টায় টাঙ্গাইল পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ আয়োজিত প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি এবং সমাজ থেকে মাদক দূর করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। তরুণ ও শিক্ষার্থীরা যেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। তাদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হচ্ছে।
তিনি বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর করতে ইতোমধ্যে কমিটি গঠন করা হয়েছে। পুলিশ ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে চান তারা। অন্যায়ের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মাদক নির্মূলে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্ব দেন। তার ভাষ্য, সবাই একসঙ্গে কাজ করলে মাদক নির্মূল করা সম্ভব। সরকার মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছে। মাদক সেবনের কারণে একজন মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।
মাদক প্রসঙ্গে প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে মাদক উৎপাদিত হয় না। তার অভিযোগ, পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে মাদক দেশে ঢুকিয়ে যুবসমাজকে ধ্বংসের চেষ্টা করা হচ্ছে।
রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মাদকের বিষয়ে কোনো ধরনের তদবির করা যাবে না। নিজ নিজ অবস্থান থেকে মানুষকে সচেতন করার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পুলিশ বাহিনীর সদস্যদের কেউ মাদক-সম্পর্কিত কর্মকাণ্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধেও সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার চেষ্টা চলছে উল্লেখ করে টুকু বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ উদ্যোগ সফল করা সম্ভব।
অনুষ্ঠানে টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সেলিম মিঞা, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আদিবুল ইসলাম, ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী এবং সহকারী পুলিশ সুপার এবিএম সিদ্দিকসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লবসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কাবাডি প্রতিযোগিতাটি পরিচালনা করেন প্রধান রেফারি আজগর আলী। শওকত, মোস্তফা কামালসহ পাঁচজন সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রতিযোগিতা শেষে পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সুলতান সালাউদ্দিন টুকু শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।