• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
পাগলা মসজিদের দানবাক্সে টাকার পাহাড়, মিলল ৫১ বস্তা পাবনার বেড়ায় বিএনপি-আ.লীগ সংঘর্ষ, রণক্ষেত্র পৌর এলাকা জুলাই সনদের আপত্তি প্রত্যাহারে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াতের আহ্বান মুন্সীগঞ্জে শ্রমিক দলের কার্যালয়ে মধ্যরাতে আগুন, সিসিটিভিতে তিন মুখোশধারী আন্তর্জাতিক বিরতি শেষে ফিরছে ক্লাব ফুটবলের উত্তাপ, নজর অ্যানফিল্ডে খিলগাঁওয়ে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ বৃষ্টি উপেক্ষা করে সশস্ত্র বাহিনী দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি শাল্লায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ইমাম আটক সশস্ত্র বাহিনী দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পেনাল্টি মিসে হতাশা, তবু হাজার গোলের দুয়ারে রোনালদো

পাগলা মসজিদের দানবাক্সে টাকার পাহাড়, মিলল ৫১ বস্তা

newsline24 / ৩১ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
পাগলা মসজিদের দানবাক্সে টাকার পাহাড়, মিলল ৫১ বস্তা
পাগলা মসজিদের দানবাক্সে টাকার পাহাড়, মিলল ৫১ বস্তা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলতেই বেরিয়ে এসেছে ৫১ বস্তা টাকা। নগদ অর্থের পাশাপাশি পাওয়া গেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। শনিবার (২১ নভেম্বর) সকালে মসজিদের ১৫টি দানবাক্স খোলার পর এসব অর্থ পাওয়া যায়। বর্তমানে চলছে টাকা গণনার কাজ। গণনা শেষ হলে জানা যাবে দানের মোট পরিমাণ।

প্রায় পাঁচ মাস পর এবার পাগলা মসজিদের দানসিন্দুকগুলো খোলা হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামের উপস্থিতিতে দানবাক্স খোলার কার্যক্রম শুরু হয়। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

দানবাক্স থেকে পাওয়া টাকা প্রথমে বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। পরে সেখানে মেঝেতে টাকা ঢেলে শুরু হয় গণনার কাজ। বিপুল পরিমাণ অর্থ গণনার জন্য মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, ব্যাংক কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নিয়েছেন।

এবারের দানবাক্সে নগদ টাকার পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রা এবং স্বর্ণালংকারও পাওয়া গেছে। এসব সামগ্রীর প্রকৃত পরিমাণ ও আর্থিক মূল্য গণনা ও যাচাইয়ের পর জানা যাবে।

গণনার কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, আনসার ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরো কার্যক্রমে দায়িত্ব পালন করছেন। গণনা করা টাকা নিরাপত্তার মধ্য দিয়ে রূপালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখায় মসজিদের নির্ধারিত হিসাবে জমা দেওয়া হচ্ছে। প্রথম তিন ঘণ্টায় প্রায় ১০ কোটি টাকা গণনা করা হয়েছে বলে রূপালী ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে গত ২৭ জুন পাগলা মসজিদের দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। তখন ৪৩ বস্তা টাকা পাওয়া গিয়েছিল। সেই হিসাবে এবার আগেরবারের তুলনায় আট বস্তা বেশি টাকা পাওয়া গেছে। ফলে এবার দানের পরিমাণ আগের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে চূড়ান্ত হিসাব প্রকাশের আগে মোট দানের পরিমাণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

মসজিদ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন দান গণনার আগেই পাগলা মসজিদের তহবিলে জমা ছিল ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা। অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমেও এখানে অনুদান জমা হচ্ছে।

পাগলা মসজিদে দানের ক্ষেত্রে শুধু নগদ অর্থই নয়, স্বর্ণালংকার, রুপার সামগ্রী ও বিভিন্ন দেশের মুদ্রাও জমা দেন মানুষ। পাশাপাশি গরু-ছাগল, হাঁস-মুরগি, ফলমূলসহ বিভিন্ন সামগ্রীও দান করা হয়। এসব সামগ্রী মসজিদের নির্ধারিত নিলামঘরে জমা নেওয়া হয়। পরে নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ মসজিদের তহবিলে জমা করা হয়।

কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরবর্তী হারুয়া এলাকায় অবস্থিত পাগলা মসজিদটি দীর্ঘদিন ধরে দেশের অন্যতম আলোচিত ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। ধর্মীয় বিশ্বাস ও মানতের কারণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এখানে আসেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে অনেকেই নিজেদের সামর্থ্য অনুযায়ী দান করেন।

মসজিদের তহবিলের অর্থ দিয়ে ধর্মীয় প্রতিষ্ঠানটির উন্নয়ন, মাদ্রাসা ও এতিমখানার কার্যক্রম পরিচালনা, অসহায় মানুষের সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অর্থ ব্যয় করা হয়। নতুন মসজিদ ও আধুনিক ইসলামি কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

এবারের ৫১ বস্তা দান শুধু অর্থের পরিমাণের দিক থেকেই আলোচনার জন্ম দেয়নি, বরং পাগলা মসজিদকে ঘিরে মানুষের দীর্ঘদিনের ধর্মীয় আবেগ, আস্থা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিষয়টিও সামনে এনেছে। এখন সবার আগ্রহ, গণনা শেষে শেষ পর্যন্ত কত কোটি টাকা জমা পড়ে মসজিদের তহবিলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category