• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
হত্যা,অপহরণ,চাঁদাবাজি ও অবৈধ বালু উত্তোলন-পদ্মার চরাঞ্চলে অপরাধ দমনে চার জেলার যৌথ অভিযান দাবি। গোপালগঞ্জে বিএনপি এমপির হাসপাতালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর বিদেশে কর্মী পাঠাতে সিন্ডিকেট ভাঙার উদ্যোগ, ঢাকায় এআই সিগন্যাল রূপপুর কেন্দ্র চালু হলে ২৪ ঘণ্টাই মিলবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিজ এলাকায় যেতে এমপিদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মিরপুরে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সংঘর্ষে উত্তপ্ত এলাকা মেহেরপুরে সেতু ও মার্কেটের সামনে মিলল ৬টি ককটেল, তিনটিতে ‘জয় বাংলা’ টুঙ্গিপাড়ায় ভয়াবহ তাণ্ডব, এমপি জিলানীর ১৫ বাড়ি পুড়িয়ে দেওয়া হলো আত্মগোপনে থাকা আ.লীগ নেতাকর্মীদের ধরতে ঢাকায় চিরুনি অভিযান

টুঙ্গিপাড়ায় ভয়াবহ তাণ্ডব, এমপি জিলানীর ১৫ বাড়ি পুড়িয়ে দেওয়া হলো

newsline24 / ২৩ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
টুঙ্গিপাড়ায় ভয়াবহ তাণ্ডব, এমপি জিলানীর ১৫ বাড়ি পুড়িয়ে দেওয়া হলো
টুঙ্গিপাড়ায় ভয়াবহ তাণ্ডব, এমপি জিলানীর ১৫ বাড়ি পুড়িয়ে দেওয়া হলো

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িসহ তাঁর আত্মীয়-স্বজনের অন্তত ১৫টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। মঙ্গলবার রাতে একদল বিক্ষুব্ধ ব্যক্তি এসব বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেন। আগুন দেওয়ার আগে বাড়িগুলো থেকে স্বর্ণালঙ্কার, আসবাবপত্র ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করার অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

একই দিন সন্ধ্যায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর থেকে বন্ধ রয়েছে টুঙ্গিপাড়া থানার কার্যক্রম। হামলার মুখে থানায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা স্থান ত্যাগ করেন। আগুনে থানার দুটি তলা এবং ভেতরে থাকা অধিকাংশ মালামাল পুড়ে গেছে। পুলিশের নয়টি সরকারি গাড়িও সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যায়। এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে সরেজমিনে দেখা যায়, টুঙ্গিপাড়ার পাটগাতি দক্ষিণ পাড়ায় সংসদ সদস্য এস এম জিলানীর পুড়িয়ে দেওয়া বাড়ি থেকে তখনো ধোঁয়া বের হচ্ছিল। মধুমতি নদীর তীরে অবস্থিত আড়াই তলা পাকা বাড়িটির ভেতরের আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী ভাঙচুর করা হয়েছে। বাড়ির কোনো কিছুই প্রায় অক্ষত নেই। পাশের তাঁর পৈতৃক টিনের ঘরটিতেও ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

সংসদ সদস্যের বাড়ির পাশাপাশি তাঁর চাচাতো ভাই এস এম মাহমুদের বাড়িসহ পরিবারের আরও ১৪ জন আত্মীয়ের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব বাড়ির অধিকাংশই টিনের তৈরি। আগুনে বাড়িঘর ও আসবাবপত্র পুড়ে যাওয়ায় পরিবারগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।

সংসদ সদস্যের মেজো ভাই এস এম হায়দার আলী বলেন, ঘটনার সময় বাড়িতে তাঁদের তিন বোন এবং তাঁদের সন্তানরা অবস্থান করছিলেন। রাত ৯টার দিকে কয়েকশ লোক লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির দিকে এগিয়ে আসে। পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠলে পরিবারের সদস্যরা প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে পালিয়ে যান।

এস এম জিলানীর বড় বোন সেতারা কবির অভিযোগ করেন, বাড়িতে আগুন দেওয়ার আগে সেখান থেকে মূল্যবান সামগ্রী লুট করা হয়। তাঁর দাবি, দুটি ফ্রিজ, তিনটি ওভেন এবং ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় হামলাকারীরা। এরপর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা এসকান্দার শেখ জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই তাঁরা ঘটনাস্থলে যেতে পারেননি। ফায়ার সার্ভিস স্টেশনের সামনেই একদল লোক বিক্ষোভ করছিলেন। এ কারণে উদ্ধার ও আগুন নেভানোর কাজে যেতে বিলম্ব হয়।

তিনি জানান, রাত ৯টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা সংসদ সদস্যের বাড়িতে পৌঁছান। পরে দুটি ইউনিটের চেষ্টায় রাত ২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিক হিসাবে অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বিক্ষোভকারীদের বাধার কারণে টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগের খবর পেয়েও সেখানে গিয়ে আগুন নেভানো সম্ভব হয়নি বলে জানান তিনি।

অন্যদিকে, দুপুর দুইটার দিকে টুঙ্গিপাড়া থানায় গিয়ে কোনো পুলিশ সদস্যকে পাওয়া যায়নি। থানার পাশের পুলিশ অফিসার্স মেস থেকে বিভিন্ন জিনিসপত্র ভ্যানে করে সরিয়ে নিতে দেখা যায় কয়েকজন পুলিশ সদস্যকে। তাঁদের পরনে ছিল সাদা পোশাক। ভ্যানে থাকা মালামালের মধ্যে সরকারি আগ্নেয়াস্ত্র ও পুলিশের হেলমেটও দেখা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক পুলিশ সদস্য জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাঁরা নিরাপদ স্থানে চলে যাচ্ছেন। তবে কোথায় তাঁদের পাঠানো হচ্ছে, সে বিষয়ে তাঁরা কিছু জানাননি।

থানায় হামলা ও অগ্নিসংযোগের সূত্রপাত হয় মঙ্গলবার সন্ধ্যায়। সন্ধ্যা সাতটার দিকে টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তাঁদের আটকের প্রতিবাদে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থানার সামনে জড়ো হয়ে ঘেরাও করেন। একপর্যায়ে তাঁরা থানার ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করেন।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে হামলাকারীরা থানা থেকে আটক ছাত্রলীগ নেতাকর্মীদের ছিনিয়ে নিয়ে যান। এরপর থানার ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে দুই তলা ভবনের সব কটি কক্ষ এবং ভেতরে থাকা আসবাবপত্র, নথিপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়। পুলিশের অভিযোগ, এ সময় থানা থেকে সরকারি আগ্নেয়াস্ত্র, কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম লুট করা হয়েছে। তবে লুট হওয়া অস্ত্র ও অন্যান্য সামগ্রীর সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।

থানায় হামলার পাশাপাশি সরকারি যানবাহন পুড়িয়ে দেওয়ার ঘটনাও পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। পুলিশের নয়টি সরকারি গাড়ি আগুনে সম্পূর্ণ ধ্বংস হয়েছে। অন্যদিকে, অগ্নিসংযোগের কারণে থানা থেকে পুলিশি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ঘটনার পর গোপালগঞ্জ শহর থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত সড়কের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান তৎপরতা দেখা যায়নি বলে সরেজমিনে জানা গেছে। একদিকে সংসদ সদস্যের পরিবারের বাড়িঘরে অগ্নিসংযোগ, অন্যদিকে থানায় হামলা, পুলিশ সদস্যদের সরে যাওয়া এবং সরকারি অস্ত্র ও সরঞ্জাম লুটের অভিযোগ—সব মিলিয়ে টুঙ্গিপাড়ায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার, লুট হওয়া অস্ত্র উদ্ধার কিংবা ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও থানা ভবনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। থানার কার্যক্রম কখন স্বাভাবিক হবে, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট তথ্য জানানো হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category