ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ উঠে এসেছে। এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে দলীয় সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশনাও দিয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এসব বিষয়ে আলোচনা হয়। অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভায় উপস্থিত সূত্রের বরাতে জানা গেছে, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তি এবং দেশের প্রচলিত আইন, বিধিবিধান ও প্রথা অনুসরণ করেই সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
বৈঠকে দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে রাজনৈতিকভাবে রাজপথে সক্রিয় থাকার ওপর গুরুত্ব দেন তারেক রহমান। তিনি বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি। রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।’
এদিকে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পাওয়ার উদ্যোগ নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের সোমবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তাঁর আইনজীবী।
যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে ওই চিঠি পাঠান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে এ আবেদনসংক্রান্ত খবরের সত্যতা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি ফিরে পাওয়ার জন্য দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করার বিষয়টি এখনো যাচাই করা হয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় পর্যালোচনা করছে। আবেদন করার আইনগত ভিত্তি রয়েছে কি না এবং সংশ্লিষ্ট ব্যক্তি এ ধরনের আবেদন করার অধিকার রাখেন কি না, তা বিদ্যমান আইন ও বিধিবিধান পর্যালোচনা করে নির্ধারণ করা হবে। অর্থাৎ, আবেদন জমা দেওয়ার খবর প্রকাশিত হলেও সেটি গ্রহণ বা অনুমোদনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়নি।
অন্যদিকে, পলাতক অপরাধীদের ক্ষেত্রে সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁর ভাষ্য, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়টি আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়েই সম্পন্ন করা হবে। এ ক্ষেত্রে বন্দি বিনিময় চুক্তিকে গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’
শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন, পাসপোর্ট ও এনআইডি-সংক্রান্ত আবেদন এবং প্রত্যর্পণ প্রক্রিয়া—এই তিনটি বিষয় এখন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর বিবেচনায় রয়েছে। তবে পুরো প্রক্রিয়ার ক্ষেত্রে আইনগত ভিত্তি, কূটনৈতিক সমঝোতা এবং বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির বিধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর পর্যালোচনা শেষে সরকারের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই এখন রাজনৈতিক ও কূটনৈতিক মহলের দৃষ্টি।