মৌলভীবাজারের রাজনগরে মাদরাসার সহযোগিতায় আয়োজিত নিলামে চারটি কমলা বিক্রি হয়েছে ৫০ হাজার টাকায়। বুধবার (৭ অক্টোবর) রাতে উপজেলার কামারচাক ইউনিয়নের মরিচা মাদরাসার ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে আয়োজিত এ নিলামে সর্বোচ্চ দর হাঁকিয়ে কমলাগুলো কিনে নেন যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল মালিক রুকন।
মাহফিলের প্রধান অতিথি ও শেষ বক্তা শায়খুল হাদিস মুফতি মুশাহিদ আলী ক্বাসেমীর বয়ান শেষে মাদরাসার পক্ষ থেকে চারটি কমলা প্রকাশ্যে নিলামে তোলা হয়। তখন রাত প্রায় ১টা। একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাহফিল ও নিলামের পুরো আয়োজন সরাসরি সম্প্রচার করা হচ্ছিল।
নিলামের শুরুতে চারটি কমলার দাম ধরা হয় ৫ হাজার টাকা। এরপর অংশগ্রহণকারীদের মধ্যে দর হাঁকাহাঁকি শুরু হলে ধীরে ধীরে দাম বাড়তে থাকে। একপর্যায়ে তা ৫০ হাজার টাকায় গিয়ে পৌঁছায়। সর্বোচ্চ দরদাতা হিসেবে আব্দুল মালিক রুকন কমলাগুলো কিনে নেন।
মাহফিলে উপস্থিত ব্যক্তিরা জানান, নিলামে অংশ নেওয়া ব্যক্তিদের মূল লক্ষ্য ছিল মাদরাসার কার্যক্রমে আর্থিক সহায়তা করা। অর্থাৎ, কমলার স্বাভাবিক বাজারমূল্যের সঙ্গে নিলামের দামের তুলনা না করে এটিকে ধর্মীয় প্রতিষ্ঠানটির জন্য সহযোগিতার একটি মাধ্যম হিসেবেই দেখছেন তারা।
আব্দুল মালিক রুকনের ছেলে আব্দুল আজিজ সালমান বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতার বিষয়টি বিবেচনা করেই তার বাবা নিলামে অংশ নিয়ে কমলাগুলো কিনেছেন। একই সঙ্গে মরিচা মাদরাসাকে প্রতি বছর ৩৬ হাজার টাকা করে সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন তিনি।
মরিচা মাদরাসার সভাপতি সোলেমান আহমেদ ও মুহতামিম হাফিজ মাওলানা ফখরুল ইসলাম শাহীন জানান, মাদরাসার সহযোগিতার জন্য কয়েক বছর ধরে ওয়াজ মাহফিলে বিভিন্ন ধরনের ফল নিলামে তোলা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবারও ফল নিলামের আয়োজন করা হয়। চারটি কমলা ৫০ হাজার টাকায় বিক্রির পাশাপাশি আধা কেজি খেজুরও নিলামে তোলা হয়। সেটি বিক্রি হয়েছে ১৫ হাজার টাকায়।
মাদরাসা কর্তৃপক্ষের ভাষ্য, নিলামে ফল ও অন্যান্য সামগ্রী তুলনামূলক বেশি দামে বিক্রির পেছনে মূল উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানটির শিক্ষা ও অন্যান্য কার্যক্রমে আর্থিক সহায়তা নিশ্চিত করা। নিলামে অংশ নেওয়া ব্যক্তিরা মাদরাসার শুভাকাঙ্ক্ষী এবং দীর্ঘদিন ধরে এর উন্নয়ন ও পরিচালনায় সহযোগিতা করে আসছেন।
চারটি কমলার ৫০ হাজার টাকা দাম ওঠার ঘটনাটি মাহফিলে উপস্থিত মানুষের মধ্যে কৌতূহল তৈরি করে। তবে আয়োজকদের বক্তব্য অনুযায়ী, এ নিলামের মূল বিষয় ফল কেনাবেচা নয়; বরং ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সহযোগিতা সংগ্রহ করাই ছিল এর উদ্দেশ্য।