• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
ঈশ্বরদীতে বিএনপির মিছিলে গুলি, আহত পাঁচ নেতাকর্মী হাতিরঝিলে প্রবাসীকে গুলি, অটোরিকশাচালককে কুপিয়ে জখম গণভোটের রায় বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার ও শেখ হাসিনার রায় কার্যকরের দাবি নাহিদের বিএনপিতে ফেরার আবেদন করেননি রুমিন ফারহানা, জানালেন স্পষ্ট অবস্থান বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রক্রিয়া সহজ করছে সরকার: প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিক বিরোধ, ফের বৈঠক সাদিকুল হত্যা মামলা: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন বাতিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যের ডাক, রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের আহ্বান, অপরাধীদের বিচারের দাবি ইউনূসের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মধ্যাহ্নভোজে এনসিপি নেতারা

হাসপাতাল তদারকিতে মাঠে নামছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৫৪ কর্মকর্তা

newsline24 / ৯৮ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
হাসপাতাল তদারকিতে মাঠে নামছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৫৪ কর্মকর্তা
হাসপাতাল তদারকিতে মাঠে নামছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৫৪ কর্মকর্তা

দেশের সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মান, প্রশাসনিক শৃঙ্খলা ও জনসেবার গুণগত মান নিশ্চিত করতে মাঠপর্যায়ে তদারকি জোরদার করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ লক্ষ্যে মন্ত্রণালয়ের ৫৪ কর্মকর্তাকে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, বিশেষায়িত, জেনারেল, জেলা ও উপজেলা হাসপাতাল পরিদর্শনের দায়িত্ব দেওয়া হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে ৩০ সেপ্টেম্বর জারি করা এক অফিস আদেশে এ দায়িত্ব বণ্টন করা হয়। এতে অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিব পর্যায়ের কর্মকর্তাদের নির্দিষ্ট হাসপাতাল, জেলা ও বিভাগের স্বাস্থ্যসেবা কার্যক্রম পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। কোনো কোনো কর্মকর্তাকে একাধিক জেলার হাসপাতাল তদারকির দায়িত্বও দেওয়া হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাসপাতালের জনবল পরিস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা সরঞ্জাম, অবকাঠামো, নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনা পর্যালোচনা করতে হবে। হাসপাতাল প্রধানের সঙ্গে সমন্বয় করে সমস্যা চিহ্নিত করার পাশাপাশি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তাদের নিয়মিতভাবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ডিজিটাল হাজিরাও তদারকি করতে হবে। এ-সংক্রান্ত তথ্য ও প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কথাও বলা হয়েছে।

এ ছাড়া জেলা প্রশাসক, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে টিকাদান কর্মসূচি, সংক্রামক রোগ প্রতিরোধ ও জনসচেতনতামূলক কার্যক্রমের অগ্রগতি নিশ্চিত করতে হবে। মাতৃ ও শিশুস্বাস্থ্য, প্রবীণ স্বাস্থ্যসেবা এবং পুষ্টি কার্যক্রমেও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার দায়িত্ব থাকবে কর্মকর্তাদের।

অফিস আদেশে হাসপাতাল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যসেবার মান বাড়াতে উদ্ভাবনী ও কার্যকর উদ্যোগ নিতে উৎসাহিত করার নির্দেশনাও রয়েছে। নিয়মিত জেলা, উপজেলা ও হাসপাতাল পরিদর্শনের সময় পাওয়া সমস্যা, পর্যবেক্ষণ এবং সুপারিশ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বাস্তবায়নযোগ্য পদক্ষেপ নিতে বলা হয়েছে।

প্রতিটি পরিদর্শনের পর পর্যবেক্ষণ ও সুপারিশের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করতে হবে। এসব প্রতিবেদন প্রতি মাসের ৭ তারিখের মধ্যে নির্ধারিত শাখায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে মাসে অন্তত একটি পরিদর্শন সম্পন্ন করতে হবে।

অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে প্রশাসন, উন্নয়ন, বিশ্বস্বাস্থ্য, হাসপাতাল, জনস্বাস্থ্য, আর্থিক ও অডিট, বাজেট এবং নার্সিংসহ বিভিন্ন শাখার কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ হাসপাতাল ও বিশেষায়িত প্রতিষ্ঠানের তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। এর আওতায় রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল।

অন্যদিকে যুগ্মসচিব ও উপসচিব পর্যায়ের কর্মকর্তাদের দেশের বিভিন্ন জেলার হাসপাতালের পাশাপাশি অনেক ক্ষেত্রে উপজেলা পর্যায়ের হাসপাতালও তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এই দায়িত্ব কর্মকর্তাদের নিয়মিত কাজের অতিরিক্ত হিসেবে পালন করতে হবে এবং অফিস আদেশ জারির তারিখ থেকেই তা কার্যকর হয়েছে। নিয়মিত মাঠপর্যায়ের পরিদর্শনের মাধ্যমে হাসপাতালের বাস্তব চিত্র, জনবল উপস্থিতি, চিকিৎসা সরঞ্জামের ব্যবহার, অবকাঠামোগত সমস্যা ও ব্যবস্থাপনার ঘাটতি সম্পর্কে কেন্দ্রীয় পর্যায়ে তথ্য পাওয়ার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার সুযোগও বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category