• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:

ডিজিএফআই পরিচয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩

newsline24 / ১৪ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
ডিজিএফআই পরিচয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
ডিজিএফআই পরিচয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ভুয়া পরিচয়পত্র, ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রাসেল মাহবুব ওরফে মাছুম (৪২), সোহেল মির্জা (৪১) ও মো. সজিব (৩৬)।

পুলিশ জানায়, শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ একটি কল আসে। খবর পেয়ে উত্তরা পূর্ব থানার একটি টহলদল উত্তরা ৪ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের একটি বাড়ির দশতলার ফ্ল্যাটে যায়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সেখানে কয়েকজন ব্যক্তি ফ্ল্যাটের মালিক কাইয়ুম শাহরিয়ার জাহেদীকে নিজেদের ডিজিএফআই সদস্য হিসেবে পরিচয় দিচ্ছিলেন। তার বিরুদ্ধে মামলা রয়েছে—এমন কথা বলে তারা তাকে ভয়ভীতি দেখান। একপর্যায়ে মামলা নিষ্পত্তি করে দেওয়ার কথা বলে তার কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়।

ভীত হয়ে কাইয়ুম শাহরিয়ার জাহেদী তাদের ১ লাখ ৫৯ হাজার টাকা দেন। পরে ওই ব্যক্তিদের কর্মকাণ্ড তার কাছে সন্দেহজনক মনে হলে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের একজনের কাছ থেকে ডিজিএফআইয়ের একটি পরিচয়পত্র উদ্ধার করে। পরিচয়পত্রটি দেখে সন্দেহ হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজির কথা স্বীকার করেন।

অভিযানে তাদের কাছ থেকে একটি ভুয়া ডিজিএফআই পরিচয়পত্র, একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল, নগদ ১ লাখ ৫৯ হাজার টাকা, একটি ওয়াকিটকি এবং এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।

এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানোর আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category