• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

আশুলিয়ায় শ্রমিক দল নেতার বাসায় গুলিবর্ষণ, আহত ৬

newsline24 / ১২ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আশুলিয়ায় শ্রমিক দল নেতার বাসায় গুলিবর্ষণ, আহত ৬
আশুলিয়ায় শ্রমিক দল নেতার বাসায় গুলিবর্ষণ, আহত ৬

সাভারের আশুলিয়ায় পূর্ববিরোধের জেরে শ্রমিক দল নেতার বাসায় হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাতে কাঠালতলা, চিত্রশাইলের মানিকগঞ্জ পাড়া ও কামরুলেট মোড় এলাকায় পৃথক ঘটনায় ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি সাঈদ হাসান মিঠুসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। এ সময় এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করারও অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, পূর্ববিরোধের জেরে একদল ব্যক্তি আশুলিয়া থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের বাসায় হামলা চালায়। হামলাকারীরা বাসায় গুলিবর্ষণ ও ভাঙচুর করে বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে বাসার সিঁড়ির নিচে হামিম নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রাখা হয়।

রবিউল ইসলামের অভিযোগ, হাবিব ও হাসান বাহিনীর লোকজন তাকে হত্যার উদ্দেশ্যে বাসায় গুলি চালিয়ে ভাঙচুর করেছে। তাকে না পেয়ে হামিমকে কুপিয়ে আহত করা হয় বলেও দাবি করেন তিনি। রবিউল বলেন, মাদকের বিরুদ্ধে মিছিল করায় তার ওপর হামলার ঘটনা ঘটেছে।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন মো. হাবিব। তার দাবি, ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন। বরং হামলার ঘটনায় তার দুই ছেলে মারধরের শিকার হয়েছেন। তিনি ঘটনাস্থল থেকে দূরে থাকায় সেখানে গিয়ে পরিস্থিতি দেখতেও পারেননি বলে জানান।

এদিকে ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি সাঈদ হাসান মিঠুর মাথা ও বাম হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং ডান হাতে গুলি করার অভিযোগ পাওয়া গেছে। একই ঘটনায় নারীসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের সুনির্দিষ্ট সংখ্যা ও পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হামলার সময় পুলিশের সাইরেন শোনা গেলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।

ঘটনার বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

পুলিশের বক্তব্য অনুযায়ী, হামলার প্রকৃত কারণ এবং কারা এতে জড়িত ছিলেন, তা তদন্তের পর আরও স্পষ্ট হবে। একই সঙ্গে আহতদের সুনির্দিষ্ট সংখ্যা ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের মাধ্যমে নিশ্চিত করার কথা জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category