• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

চুয়েটে ১১ দিনের শাটডাউন, সাবেক উপাচার্যকে ফেরানোর দাবিতে বিক্ষোভ

newsline24 / ১২ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
চুয়েটে ১১ দিনের শাটডাউন, সাবেক উপাচার্যকে ফেরানোর দাবিতে বিক্ষোভ
চুয়েটে ১১ দিনের শাটডাউন, সাবেক উপাচার্যকে ফেরানোর দাবিতে বিক্ষোভ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি ১১ দিনে গড়িয়েছে। কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২ অক্টোবর) জুমার নামাজের পর ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা।

মিছিল থেকে সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। এর আগে কয়েক দিন ধরে ক্লাস-পরীক্ষা বর্জন, প্রশাসনিক ভবনে তালা দেওয়া, অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচি পালন করে আসছেন তারা।

অধ্যাপক সায়েমকে উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এর আগেও শিক্ষার্থীরা ব্যতিক্রমী বিভিন্ন কর্মসূচি পালন করেন। এর মধ্যে ছিল মশাল মিছিল, লাল কার্ড প্রদর্শন, প্রতীকী প্রশ্নযাত্রা, মুখোশ মিছিল এবং চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ। এসব কর্মসূচির মাধ্যমে তারা সায়েমকে পুনর্বহালের দাবি জানিয়ে আসছেন।

গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় তাকে উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর গত ২১ সেপ্টেম্বর তার স্থলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে ২১ সেপ্টেম্বর রাত থেকেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। পরদিন ২২ সেপ্টেম্বর থেকে তারা সর্বাত্মক শাটডাউন কর্মসূচি শুরু করেন। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত একাডেমিক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে।

শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশও। তারা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন। বৃহস্পতিবার উপাচার্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

একই দিনে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রতিবাদী কনসার্ট ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেন। আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরছেন এবং সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবি জানিয়ে আসছেন।

দীর্ঘদিন ধরে চলা এই কর্মসূচির কারণে চুয়েটের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহাল না করা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category