• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

বিমানবন্দরে হট্টগোলের ঘটনায় আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

newsline24 / ১০ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
বিমানবন্দরে হট্টগোলের ঘটনায় আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা
বিমানবন্দরে হট্টগোলের ঘটনায় আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিমানবন্দর থানায় মামলাটি করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মামলার এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের বিজি-৩৩৮ ফ্লাইটের যাত্রীরা লাগেজ পেতে বিলম্ব হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন। ওই সময় বিমানবন্দরে যাত্রীদের চাপও ছিল বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গেলে আখতারুজ্জামান তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, আখতারুজ্জামান নির্বাহী পরিচালককে গালাগাল করেন, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করেন এবং মারধরের হুমকি দেন। একই সময় বিমান মন্ত্রীকে নিয়েও তিনি অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার একপর্যায়ে আখতারুজ্জামানের সঙ্গে থাকা কয়েকজন সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করেন। বিমানবন্দরের নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন এতে বাধা দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, এ সময় আখতারুজ্জামান ওই নিরাপত্তা কর্মকর্তাকে গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

এজাহারে সাধারণ যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারেরও অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে, আখতারুজ্জামান যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলে দেন। পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক প্রতিনিধির সঙ্গেও তিনি মারমুখী আচরণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার পর অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে ঘটনার প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের তথ্য এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

মেজর (অব.) আখতারুজ্জামানের রাজনৈতিক পরিচয় নিয়েও অতীতে নানা আলোচনা রয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিনি বিএনপি থেকে একাধিকবার বহিষ্কৃত হন। পরে ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category