• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম:
ঈশ্বরদীতে বিএনপির মিছিলে গুলি, আহত পাঁচ নেতাকর্মী হাতিরঝিলে প্রবাসীকে গুলি, অটোরিকশাচালককে কুপিয়ে জখম গণভোটের রায় বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার ও শেখ হাসিনার রায় কার্যকরের দাবি নাহিদের বিএনপিতে ফেরার আবেদন করেননি রুমিন ফারহানা, জানালেন স্পষ্ট অবস্থান বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রক্রিয়া সহজ করছে সরকার: প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিক বিরোধ, ফের বৈঠক সাদিকুল হত্যা মামলা: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন বাতিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যের ডাক, রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের আহ্বান, অপরাধীদের বিচারের দাবি ইউনূসের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মধ্যাহ্নভোজে এনসিপি নেতারা

২৩৫ ইউনিটে ৫০৭ কোটি টাকার বিল, জিএম বরখাস্ত

newsline24 / ৯৮ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
২৩৫ ইউনিটে ৫০৭ কোটি টাকার বিল, জিএম বরখাস্ত
২৩৫ ইউনিটে ৫০৭ কোটি টাকার বিল, জিএম বরখাস্ত

মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল ইস্যুর ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মহিতুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। অস্বাভাবিক এই বিল নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হওয়ার পর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

একই ঘটনায় গ্রাহকের সঙ্গে কথা বলে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বুধবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিলটি ইস্যু করে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিস। আলেয়া খাতুন অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলামের স্ত্রী।

বিল হাতে পাওয়ার পর আলেয়া খাতুন ও তার পরিবারের সদস্যরা অস্বাভাবিক অঙ্ক দেখে হতবাক হয়ে পড়েন। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিলের তথ্য বিশ্লেষণ করলেই অস্বাভাবিকতার বিষয়টি স্পষ্ট হয়। সেখানে উল্লেখ করা হয়েছে, গত ৮ সেপ্টেম্বর মিটারের বর্তমান রিডিং ছিল ৩৯৫ ইউনিট। এর আগে ৮ আগস্ট মিটারের রিডিং ছিল ১৬০ ইউনিট। অর্থাৎ এক মাসে গ্রাহকের বিদ্যুৎ ব্যবহার হয়েছে ২৩৫ ইউনিট।

কিন্তু এই ২৩৫ ইউনিট ব্যবহারের বিপরীতে বিলটিতে ডিমান্ড চার্জ দেখানো হয়েছে ৪৮২ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৪২২ টাকা। এর সঙ্গে ২৪ কোটি ১৩ লাখ ৪৮ হাজার ১৭১ টাকা ভ্যাট এবং ১০ টাকা মিটার ভাড়া যোগ করা হয়। সব মিলিয়ে বিলের পরিমাণ দাঁড়ায় ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা।

নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না করলে বিলম্ব মাসুলসহ মোট পরিমাণ আরও বেড়ে ৫৩০ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৭৬৪ টাকা হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

অথচ ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে গ্রাহকের প্রকৃত বিল হওয়ার কথা ছিল মাত্র ১ হাজার ৯৬৩ টাকা। বিলম্ব মাসুল যোগ করলেও সেই অঙ্ক দাঁড়ানোর কথা ২ হাজার ৫৬ টাকা।

বিলটি গত ১০ সেপ্টেম্বর ইস্যু করা হয়। এতে বিল পরিশোধের শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর উল্লেখ করা হয়েছে। গ্রাহকের শ্রেণি হিসেবে সেখানে ‘এলটি-এ (আবাসিক)’ লেখা ছিল।

স্বাভাবিক বিদ্যুৎ ব্যবহারের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ না হওয়া এমন বিপুল অঙ্কের বিল কীভাবে তৈরি ও ইস্যু হলো, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় ৫০৭ কোটি টাকার এই অস্বাভাবিক বিল ইস্যুর ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. মহিতুল ইসলামকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি গ্রাহকের কাছে দুঃখ প্রকাশ করেছেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

একজন আবাসিক গ্রাহকের মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে কয়েকশ কোটি টাকার বিল ওঠার ঘটনা বিদ্যুৎ বিল প্রস্তুত ও যাচাই প্রক্রিয়ায় ত্রুটি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ঘটনাটিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হলেও এমন ভুল যাতে ভবিষ্যতে আর না ঘটে, সে বিষয়ে কার্যকর নজরদারির প্রয়োজনীয়তাও সামনে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category