• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম:
ঈশ্বরদীতে বিএনপির মিছিলে গুলি, আহত পাঁচ নেতাকর্মী হাতিরঝিলে প্রবাসীকে গুলি, অটোরিকশাচালককে কুপিয়ে জখম গণভোটের রায় বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার ও শেখ হাসিনার রায় কার্যকরের দাবি নাহিদের বিএনপিতে ফেরার আবেদন করেননি রুমিন ফারহানা, জানালেন স্পষ্ট অবস্থান বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রক্রিয়া সহজ করছে সরকার: প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিক বিরোধ, ফের বৈঠক সাদিকুল হত্যা মামলা: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন বাতিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যের ডাক, রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের আহ্বান, অপরাধীদের বিচারের দাবি ইউনূসের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মধ্যাহ্নভোজে এনসিপি নেতারা

কুপ্রস্তাব ও হেনস্তার অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ শিক্ষিকা

newsline24 / ৫৯ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
কুপ্রস্তাব ও হেনস্তার অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ শিক্ষিকা
কুপ্রস্তাব ও হেনস্তার অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ শিক্ষিকা

সিরাজগঞ্জ সদর উপজেলার গুপিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদ জিন্নাহর বিরুদ্ধে সহকর্মী নারী শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণ, কুপ্রস্তাব, মানসিক হেনস্তা এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে এসব আচরণ সহ্য করার পর নিরাপত্তাহীনতার কথা জানিয়ে বিদ্যালয়ের পাঁচ সহকারী শিক্ষিকা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ করেছেন।

গত ১৩ সেপ্টেম্বর দেওয়া ওই অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নৈতিক স্খলন, কুরুচিপূর্ণ আচরণ এবং নারী শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে অমানবিক ব্যবহারের অভিযোগ বিস্তারিতভাবে তুলে ধরা হয়। অভিযোগকারী শিক্ষিকাদের দাবি, খুরশিদ জিন্নাহ দীর্ঘদিন ধরে নারী সহকর্মীদের সঙ্গে আপত্তিকর ভাষায় কথা বলেন এবং বিভিন্ন সময়ে অনৈতিক প্রস্তাব দেন। এসব প্রস্তাবে রাজি না হলে কিংবা তার কোনো আচরণের প্রতিবাদ করলে শোকজ, বদলি ও চাকরিচ্যুতির হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্রে আরও বলা হয়, নারী শিক্ষার্থীদের সঙ্গেও প্রধান শিক্ষক অশোভন আচরণ করেন। এর আগে জামুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের সময়ও তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল এবং সে সময় তাকে বরখাস্ত করা হয়েছিল বলে অভিযোগকারীরা দাবি করেছেন। গুপিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পরও তার আচরণে পরিবর্তন আসেনি বলে অভিযোগ তাদের।

ভুক্তভোগী সহকারী শিক্ষিকা শামীমা জাহান একটি ঘটনার বর্ণনা দিয়ে বলেন, গত ৪ আগস্ট প্রথম শ্রেণির এক শিক্ষার্থী শ্রেণিকক্ষের বাইরে হঠাৎ অসুস্থ হয়ে বমি করতে থাকে। বিষয়টি দেখতে পেয়েও প্রধান শিক্ষক তার কার্যালয় থেকে বের হননি। পরে তিনি নিজেই শিশুটিকে শ্রেণিকক্ষে নিয়ে গিয়ে সেবা দেন। শিশুটিকে নিয়ে কক্ষে প্রবেশের সময় প্রধান শিক্ষক ক্ষিপ্ত হয়ে তাকে ‘বেয়াদব’ বলে গালিগালাজ করেন এবং একপর্যায়ে গায়ে হাত তোলার জন্য এগিয়ে আসেন বলে অভিযোগ করেন শামীমা। এ সময় অন্য নারী শিক্ষকরা এগিয়ে এসে প্রতিবাদ করলে তাদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয় বলে তিনি জানান।

শামীমা জাহানের দাবি, এ ঘটনায় গত ২০ সেপ্টেম্বর প্রশাসনিক তদন্ত শেষ হয়েছে। তবে প্রধান শিক্ষক প্রভাব খাটাতে পারেন—এমন আশঙ্কায় তদন্ত প্রতিবেদন নিরপেক্ষ হবে কি না, তা নিয়ে তারা উদ্বিগ্ন।

অন্য চার সহকারী শিক্ষিকা আমিনা খাতুন সনি, ফারজানা ইয়াসমিন, মর্জিনা খাতুন ও সুরাইয়া পারভীনও প্রধান শিক্ষকের বিরুদ্ধে দীর্ঘদিনের দুর্ব্যবহারের অভিযোগ করেছেন। তাদের দাবি, প্রায় ১১ বছর ধরে তারা মানসিকভাবে হেনস্তার শিকার হয়ে আসছেন। কর্মদিবসের শুরুতেই চিৎকার-চেঁচামেচি করা, নারী শিক্ষকদের গায়ে হাত দেওয়ার চেষ্টা এবং তাদের চরিত্র নিয়ে কুৎসা রটানোর মতো আচরণের অভিযোগও করেছেন তারা।

শিক্ষিকাদের আরও অভিযোগ, প্রধান শিক্ষক দাপ্তরিক প্রভাব দেখিয়ে বলেন—ডিপিও, টিও ও এটিও তার ‘পকেটে থাকেন’। তার কথিত অনৈতিক দাবিতে রাজি না হওয়ায় তাদের দাপ্তরিকভাবে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে প্রধান শিক্ষক খুরশিদ জিন্নাহ সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেন এবং ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।

সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ জানান, অভিযোগের পর সরেজমিনে তদন্ত কার্যক্রম শেষ হয়েছে। বর্তমানে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করার কাজ চলছে। প্রতিবেদন প্রস্তুত হলে তা দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাহার উদ্দিন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং কর্তৃপক্ষের পরবর্তী সিদ্ধান্তের পরই অভিযোগগুলোর বিষয়ে চূড়ান্ত প্রশাসনিক অবস্থান স্পষ্ট হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category