• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম:

মেয়ের ফেসবুক পোস্ট ঘিরে বিরোধ, হামলায় বাবার মৃত্যু

newsline24 / ২৩ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মেয়ের ফেসবুক পোস্ট ঘিরে বিরোধ, হামলায় বাবার মৃত্যু
মেয়ের ফেসবুক পোস্ট ঘিরে বিরোধ, হামলায় বাবার মৃত্যু

রাজবাড়ীর কালুখালী উপজেলায় মেয়ের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে হামলায় নজরুল ইসলাম খান (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। স্বজনদের অভিযোগ, বাড়ির সামনে এসে প্রতিপক্ষের লোকজন ইট ও লাঠি দিয়ে হামলা চালালে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া গ্রামে নজরুল ইসলাম খানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বুধবার দুপুরে নজরুল ইসলামের মেয়ে রুনা তার ফেসবুক আইডিতে একই এলাকার গোলাপী বেগমের মেয়েকে উদ্দেশ্য করে একটি কটূক্তিমূলক পোস্ট দেন বলে অভিযোগ ওঠে। তবে ওই পোস্টে কারও নাম সরাসরি উল্লেখ করা হয়নি। পোস্টটি প্রকাশের পর বিষয়টি নিয়ে প্রতিবেশী ইমান সরদারের পরিবারের সঙ্গে নজরুল ইসলামের পরিবারের বিরোধ তৈরি হয়।

এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে ইমান সরদার, তার স্ত্রী বুলু, ছেলে তুহিন ও মেয়ে গোলাপী বেগম নজরুল ইসলাম খানের বাড়ির সামনে যান বলে স্থানীয়রা জানান। সেখানে দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি এবং পরে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নজরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের ওপর ইট ও লাঠি দিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে।

হামলার একপর্যায়ে লাঠির আঘাতে নজরুল ইসলাম মাটিতে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নজরুল ইসলামের স্ত্রী জহুরা বেগম ও মেয়ে রুনাও আহত হয়েছেন। স্বজনদের দাবি, হামলায় তারা গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

খবর পেয়ে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পুলিশ ঘটনাস্থল থেকে একটি লাঠি জব্দ করেছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য সংগ্রহ ও তদন্ত শুরু হয়েছে।

পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমান বলেন, ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে নজরুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গোলাপী বেগমকে আটক করা হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও হামলায় কারা জড়িত ছিলেন, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পর মৃত্যুর কারণ ও ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category