• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে তারেক রহমান ও জুবাইদা

newsline24 / ১৭ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
৩. জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে তারেক রহমান ও জুবাইদা
৩. জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে তারেক রহমান ও জুবাইদা

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নিয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় সকালে জাতিসংঘ সদর দপ্তরে বিশ্বনেতা ও তাঁদের জীবনসঙ্গীদের সম্মানে এ আয়োজন করা হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে সোমবার নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন ডা. জুবাইদা রহমান। নিউইয়র্কে পৌঁছানোর পর মঙ্গলবার থেকেই প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়েছে। প্রাতরাশে অংশ নেওয়ার পর তিনি সাধারণ পরিষদের উদ্বোধনী কার্যক্রমে অন্যান্য রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর মঙ্গলবারের কর্মসূচিতে একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকও রয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বঙ্গ এবং হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ের ফিলস-আইমের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। এসব বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রসঙ্গ আলোচনায় আসতে পারে বলে সফরসূচিতে উল্লেখ রয়েছে।

এদিন প্রধানমন্ত্রীর আরও কয়েকজন আন্তর্জাতিক ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাতের কর্মসূচিও রয়েছে। এর মধ্যে জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ এবং মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্কের নাম রয়েছে।

সন্ধ্যায় রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের অংশ নেওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়ে নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনকেন্দ্রিক প্রথম দিনের কর্মসূচি শেষ হবে।

এবারের অধিবেশনে ২৪ সেপ্টেম্বর বাংলাদেশের পক্ষে সাধারণ বিতর্কে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে এটি তাঁর প্রথম ভাষণ। পররাষ্ট্রসচিবের দেওয়া তথ্য অনুযায়ী, ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, আইনের শাসন ও জবাবদিহি, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, নারী ও যুব ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট এবং বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কারের মতো বিষয় গুরুত্ব পেতে পারে।

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে জাতিসংঘের আনুষ্ঠানিক কর্মসূচির পাশাপাশি বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মাধ্যমে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার সুযোগ থাকছে। ২৪ সেপ্টেম্বরের ভাষণকে কেন্দ্র করে তাঁর সফরের পরবর্তী কর্মসূচিও ইতোমধ্যে নির্ধারিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category