• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

মাদকের টাকার জন্য শিশুকন্যাকে বিক্রির চেষ্টা, উদ্ধার ৯৯৯-এ

newsline24 / ১২ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
মাদকের টাকার জন্য শিশুকন্যাকে বিক্রির চেষ্টা, উদ্ধার ৯৯৯-এ
মাদকের টাকার জন্য শিশুকন্যাকে বিক্রির চেষ্টা, উদ্ধার ৯৯৯-এ

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় মাদক কেনার টাকা জোগাড় করতে ২০ মাস বয়সী নিজের কন্যাসন্তানকে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে নিয়ে বের হওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। পরে শিশুটির মায়ের ফোন পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে সদরঘাট থানা পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিশুটির মা সীমা (২৬) জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান। ফোন পেয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত অভিযান শুরু করে সদরঘাট থানার রাত্রিকালীন মোবাইল টহল দল ‘স্পেশাল-২৪’।

পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্র জানায়, সীমার স্বামী লোকমান হোসেন সাগর (২৭) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকা জোগাড় করতে না পেরে তিনি তাঁদের ২০ মাস বয়সী কন্যাশিশু ফাতেমা আক্তারকে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে পরিবারের অন্য সদস্যদের না জানিয়ে বাসা থেকে নিয়ে বের হন বলে অভিযোগ।

শিশুটিকে নিয়ে বাবা কোথায় গেছেন, তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। একপর্যায়ে বিষয়টি জানতে পেরে শিশুটির মা জরুরি সহায়তার জন্য ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পাওয়ার পর সদরঘাট থানা পুলিশের টহল দল সম্ভাব্য বিভিন্ন এলাকায় শিশুটির সন্ধানে অভিযান শুরু করে।

পুলিশ জানায়, প্রায় দুই ঘণ্টা নগরের বিভিন্ন সম্ভাব্য স্থানে তল্লাশি চালানোর পর পশ্চিম মাদারবাড়ির যুগী চাঁদ মসজিদ লেইন এলাকায় শিশুটির সন্ধান পাওয়া যায়। সেখান থেকে ফাতেমা আক্তারকে নিরাপদে উদ্ধার করা হয়। পরে রাতেই তাকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, শিশুটিকে নিয়ে যাওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তৎপর হয়। রাতভর অভিযানের একপর্যায়ে মাদারবাড়ি এলাকা থেকে শিশুটিকে নিরাপদে উদ্ধার করে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, শিশুটিকে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত লোকমান হোসেন সাগরের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি ঘিরে পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে মাদকাসক্তির কারণে একটি শিশুর নিরাপত্তা ঝুঁকিতে পড়ার অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। বর্তমানে শিশুটি তার মায়ের কাছে নিরাপদে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category