সুনামগঞ্জের তাহিরপুরে পারিবারিক বিরোধের জেরে নিজের তিন সন্তানকে কীটনাশক খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা সরাফত আলীর বিরুদ্ধে। পরে একই বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। গুরুতর অসুস্থ অবস্থায় সরাফত আলী বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী রজনী লাইন গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত তিন শিশু হলো—সরাফত আলীর মেয়ে মাওয়া আক্তার (১০), ছেলে শামিম মিয়া (৭) ও তামিম মিয়া (২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরাফত আলীর স্ত্রী ফাতেমা বেগম সৌদি আরবে থাকেন। সম্প্রতি তিনি ছুটিতে দেশে এসেছিলেন। ছুটি শেষে তিন দিন আগে আবার সৌদি আরবে ফিরে যান। স্থানীয়দের ভাষ্য, স্ত্রীকে বিদেশে ফিরে যেতে নিষেধ করেছিলেন সরাফত। সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে ফাতেমা তার সিদ্ধান্তে অটল থাকেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ তৈরি হয়।
এরপর থেকেই সরাফত মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। শুক্রবার রাতে তিনি তিন সন্তানকে নিয়ে একই ঘরে ঘুমাতে যান। রাত আনুমানিক ১টার দিকে সন্তানদের কীটনাশক খাওয়ানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরে নিজেও ওই বিষ পান করেন।
বিষপানের পর ময়মনসিংহে থাকা নিজের এক ফুফুকে ফোন করে বিষয়টি জানান সরাফত। এ সময় তিনি পরিবারের কাছে ক্ষমা চান বলেও জানা গেছে।
খবর পেয়ে সরাফতের ছোট ভাই রহমত আলী স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। ঘরের দরজা ভেঙে চারজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে তাদের বাদাঘাট বাজারের একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের সহায়তায় তাদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাসাদ আহমেদ জানান, সকাল ৮টার দিকে তিন শিশুকে হাসপাতালে আনা হয়। তখন তারা মৃত ছিল। স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, বিষপানের কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া বলেন, পারিবারিক বিরোধের জেরেই ঘটনাটি ঘটেছে বলে নিহত শিশুদের পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছেন তিনি।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, পারিবারিক কলহের জেরে সরাফত তিন সন্তানকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষপান করেছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।
পুলিশ জানিয়েছে, নিহত তিন শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও কীভাবে বিষপানের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলছে।