রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে মো. সাগর খান ইমরান (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মোহাম্মদ জাকারিয়া (৩৩) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ধলপুর এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, কয়েকজন অজ্ঞাতনামা সন্ত্রাসী সাগরকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিতে সাগর ও জাকারিয়া গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে সাগর খান ইমরানকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ জাকারিয়াকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কাজনক।
নিহত সাগরের স্ত্রী সোনিয়া খান জানান, ঘটনার পর স্থানীয় লোকজনের কাছ থেকে তিনি জানতে পারেন, হামলাকারীরা সাগরকে উদ্দেশ করে বলছিল, ‘ইমরান দৌড় দিস না, দৌড় দিলে গুলি করব।’ এরপর তারা এলোপাতাড়ি গুলি চালায়। এতে সাগর ও জাকারিয়া গুলিবিদ্ধ হন।
সোনিয়া জানান, তাদের বাসা যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায়। নিহত সাগর ওই এলাকার হাকিম খানের ছেলে। তবে কী কারণে তার স্বামীকে গুলি করে হত্যা করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে সাগরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এদিকে হামলার ঘটনায় জড়িতদের পরিচয় ও হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।