
রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় আন্দোলনকারীরা উপাচার্যের দপ্তরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেন। পরে নিজেদের দাবিগুলো তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি স্মারকলিপি জমা দেন তারা। দাবি পূরণ না হলে সোমবার থেকে উপাচার্যের দপ্তরে লাগাতার ঘেরাও ও অবস্থান কর্মসূচি চালানোর ঘোষণা দেন বিক্ষোভকারীরা।
বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত, তথ্য ও সেবা) মো. মিয়া হোসেন রানার নেতৃত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ২ হাজার ২০০ কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। এর মধ্যেও আদালতের রায়ে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা নির্ধারণ, পদোন্নতি এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের গড়িমসি করা হচ্ছে।
তাদের অভিযোগ, বিদ্যমান জনবল দিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হলেও সম্প্রতি আরও প্রায় ৩০০ জন অতিরিক্ত জনবল নিয়োগ দেওয়া হয়েছে। অথচ দীর্ঘ আইনি লড়াই শেষে চাকরিতে ফিরে আসা কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হচ্ছে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই অবস্থানের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তারা।
বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের জন্য নতুন গাড়ি কেনার বিষয়টিও তুলে ধরেন আন্দোলনকারীরা। তাদের দাবি, উপাচার্য, ট্রেজারার ও রেজিস্ট্রারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবহারের উপযোগী গাড়ি আগে থেকেই রয়েছে। এরপরও বিশ্ববিদ্যালয়ের অর্থ ব্যয় করে নতুন গাড়ি কেনা হয়েছে। অথচ বছরের পর বছর চাকরিচ্যুত থাকার পর আদালতের রায়ে পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধে প্রশাসনের অনীহা দেখা যাচ্ছে। তাদের মতে, প্রশাসনের অগ্রাধিকারের ক্ষেত্রে এই বৈপরীত্য গ্রহণযোগ্য নয়।
আন্দোলনকারীরা আরও বলেন, একই প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুই ধরনের বেতননীতি থাকতে পারে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্য কর্মকর্তা-কর্মচারীরা বর্তমানে প্রচলিত পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা পেলেও পুনর্বহাল হওয়া ৯৮৮ জনকে এখনো ২০১২ সালের পুরোনো বেতন কাঠামো অনুসারে বেতন দেওয়া হচ্ছে। ফলে তারা অন্যদের তুলনায় প্রায় অর্ধেক বেতন পাচ্ছেন বলে অভিযোগ করেন বক্তারা।
তাদের দাবি, ১৪ বছরের চাকরির জ্যেষ্ঠতা কার্যকর না হওয়ায় শুধু বর্তমান পদোন্নতিই বাধাগ্রস্ত হচ্ছে না, ভবিষ্যতে পেনশন ও অবসরকালীন সুযোগ-সুবিধা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘ সময় চাকরির বাইরে থাকার কারণে এমনিতেই তারা আর্থিক ও পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন আদালতের রায়ে চাকরি ফিরে পাওয়ার পরও প্রাপ্য অধিকার না পাওয়ায় সেই বঞ্চনা আরও দীর্ঘায়িত হচ্ছে।
চাকরিচ্যুতি থেকে পুনর্বহাল: দীর্ঘ আইনি লড়াই
জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে এসব কর্মকর্তা-কর্মচারী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে নিয়োগ পেয়েছিলেন। এমএলএসএস থেকে শুরু করে ডেপুটি রেজিস্ট্রার সমমর্যাদার পদেও তাদের নিয়োগ দেওয়া হয়। পরবর্তী সময়ে এসব নিয়োগের বৈধতা নিয়ে আইনি জটিলতা তৈরি হয়। এর ধারাবাহিকতায় ২০১২ সালে সংশ্লিষ্ট ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়।
চাকরি হারানোর পর নিজেদের অধিকার ফিরে পেতে দীর্ঘদিন আইনি লড়াই চালিয়ে যান ভুক্তভোগীরা। একপর্যায়ে বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ পর্যন্ত গড়ায়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ এ বিষয়ে গুরুত্বপূর্ণ রায় দেন।
রায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের করা আপিল মঞ্জুর করে চাকরিচ্যুত ৯৮৮ জনের মধ্যে জীবিত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে চাকরিচ্যুতির সময় থেকে পুনর্বহাল পর্যন্ত সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য করার কথা বলা হয়। ওই সময়ের চাকরির জ্যেষ্ঠতাও অক্ষুণ্ন রাখার নির্দেশনা দেওয়া হয়।
আদালত চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের ভোগান্তি ও মানবিক পরিস্থিতি বিবেচনায় তাদের সুযোগ-সুবিধার বিষয়টি নির্ধারণের ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপর ন্যস্ত করেন। ফলে চাকরিতে পুনর্বহালের পাশাপাশি তাদের অন্যান্য প্রাপ্য সুবিধা কীভাবে নিশ্চিত করা হবে, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হয়।
এর আগে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহাল এবং তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে আপিল বিভাগে রিভিউ পিটিশন দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আইনি প্রক্রিয়া এগিয়ে যায়। শেষ পর্যন্ত আপিল বিভাগের রায়ের মধ্য দিয়ে চাকরিচ্যুতদের পুনর্বহালের পথ সুগম হয়।
রায় বাস্তবায়ন নিয়ে নতুন করে অসন্তোষ
তবে আদালতের রায়ে চাকরি ফিরে পাওয়ার পরও নিজেদের পূর্ণাঙ্গ অধিকার নিশ্চিত না হওয়ায় নতুন করে অসন্তোষ তৈরি হয়েছে ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে। তাদের অভিযোগ, আদালত চাকরির জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার নির্দেশ দিলেও বাস্তবে ১৪ বছরের সেই সময়কাল কার্যকর করা হচ্ছে না। একইভাবে বিদ্যমান পে-স্কেল অনুযায়ী বেতন নির্ধারণ, বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং পদোন্নতির বিষয়গুলোও ঝুলে রয়েছে।
আন্দোলনকারীদের মতে, আদালতের রায়ে পুনর্বহালের নির্দেশনা কার্যকর হলেও চাকরির ধারাবাহিকতা ও আর্থিক সুবিধা নিশ্চিত না হলে সেই পুনর্বহাল পূর্ণাঙ্গ অর্থ পায় না। কারণ, চাকরিচ্যুতির সময় থেকে পুনর্বহাল পর্যন্ত সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য করার নির্দেশনার সঙ্গে জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার বিষয়টি সরাসরি যুক্ত। এর প্রভাব পড়তে পারে চাকরির মেয়াদ, পদোন্নতির যোগ্যতা এবং অবসরকালীন সুবিধা নির্ধারণেও।
এ অবস্থায় আদালতের রায়ের আলোকে ১৪ বছরের চাকরির জ্যেষ্ঠতা কার্যকর, পদোন্নতির সুযোগ নিশ্চিত, বর্তমান পে-স্কেল অনুযায়ী বেতন পুনর্নির্ধারণ এবং প্রাপ্য বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়েছেন তারা।
আন্দোলনকারীরা জানিয়েছেন, দীর্ঘদিনের আইনি লড়াইয়ের পর চাকরি ফিরে পাওয়াকে তারা নিজেদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন। কিন্তু পুনর্বহালের পরও যদি আর্থিক ও পেশাগত সুবিধা নিশ্চিত না হয়, তাহলে তাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে না। তাই আর আশ্বাস নয়, আদালতের রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।