হামের টিকাদান কর্মসূচিতে দীর্ঘদিনের ঘাটতির কারণে দেশে শিশুদের মধ্যে সংক্রমণ ও মৃত্যুর যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার খেসারত দিতে হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তাঁর দাবি, ২০২০ সালের পর নিয়মিতভাবে ব্যাপক টিকাদান কর্মসূচি না হওয়ায় চার বছরের একটি বড় ঘাটতি তৈরি হয়েছিল।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর বনানীর কড়াইল টিএনটি খেলার মাঠে দ্বিতীয় ধাপে হামের টিকা ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ২০২০ সালের ২০ ডিসেম্বরের পর প্রতি চার বছরে একবার ব্যাপক পরিসরে মহামারির বিরুদ্ধে টিকাদান কর্মসূচি পরিচালনার দায়িত্ব সরকারের ছিল। তবে ২০২০ সালের পর থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত এই কার্যক্রম বন্ধ ছিল বলে তিনি দাবি করেন।
টিকা সংগ্রহের প্রক্রিয়া নিয়েও আগের সরকারের বিরুদ্ধে সময়ক্ষেপণের অভিযোগ করেন সাখাওয়াত হোসেন। তাঁর ভাষ্য, ইউনিসেফের ‘ডেলিগেটেড ওয়েট’ পদ্ধতিতে সরাসরি টিকা কেনার পরিবর্তে ওপেন টেন্ডারে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। বিদেশি সংস্থাগুলোর পক্ষ থেকে এ বিষয়ে একাধিকবার অনুরোধ করা হলেও তা আমলে নেওয়া হয়নি। এতে টিকা সংগ্রহে বিলম্ব হয় এবং পরবর্তী সময়ে তৈরি হওয়া ঘাটতি পূরণের চাপ বর্তমান সরকারের ওপর পড়ে।
মন্ত্রী বলেন, হামের প্রাদুর্ভাবে অনেক পরিবারকে কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ১ কোটি ৮৫ লাখ ৮৩৩ শিশুকে লক্ষ্য করে পরিচালিত কর্মসূচির প্রেক্ষাপটে হাম ও সংশ্লিষ্ট জটিলতায় প্রায় এক হাজার শিশুর মৃত্যু হয়েছে।
তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর ৫ এপ্রিল থেকে টিকাদান কার্যক্রম শুরু করা হয়। প্রথম ধাপে ইউনিসেফের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ১৮টি জেলায় তিন পর্যায়ে কার্যক্রম পরিচালিত হয়। পরে ঢাকা ও আরও দুটি বড় সিটি করপোরেশনকে এর আওতায় আনা হয়। জাতীয় পর্যায়ের কর্মসূচি ৪ মে থেকে শুরু হওয়ার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় তা এগিয়ে ২০ এপ্রিল থেকেই সারা দেশে শুরু করা হয়। এতে প্রায় ১ কোটি ৮৫ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম আক্রান্ত শিশুদের একটি অংশের মধ্যে অপুষ্টির সমস্যা দেখা গেছে। চিকিৎসকদের মতে, হামে আক্রান্ত শিশুদের মৃত্যুর অন্যতম কারণ নিউমোনিয়া এবং এর সঙ্গে থাকা অপুষ্টি। অপুষ্টিতে ভোগা শিশুরা হাম আক্রান্ত হলে দ্রুত নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় যেতে পারে। তখন শ্বাস-প্রশ্বাসের জটিলতার কারণে ফুসফুসে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছানো কঠিন হয়ে পড়ে।
এই পরিস্থিতিতে আইসিডিডিআরবির চিকিৎসক চিশতি মাত্র ১৫০ টাকা খরচে বোতলভিত্তিক একটি সিপ্যাপ ব্যবস্থা উদ্ভাবন করেছেন বলে জানান মন্ত্রী। স্বাভাবিকভাবে অক্সিজেন নিতে না পারা শিশুদের ক্ষেত্রে এই পদ্ধতিতে সহায়তা করা হয়েছে এবং এতে অনেক শিশুকে বাঁচানো সম্ভব হয়েছে বলে তিনি দাবি করেন।
স্বাস্থ্যমন্ত্রী দেশের চিকিৎসকদেরও প্রশংসা করেন। বিভিন্ন মহামারি ও জরুরি পরিস্থিতিতে চিকিৎসকরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন উল্লেখ করে করোনাভাইরাস মহামারির সময় তাদের অবদানের কথাও স্মরণ করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ভিটামিন এ ক্যাপসুল কর্মসূচিতে ২ কোটি ২৫ লাখ শিশু অন্তর্ভুক্ত থাকলেও হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে টিকা পেয়েছিল প্রায় ১ কোটি ৮৫ লাখ শিশু। দুই কর্মসূচির মধ্যে প্রায় ৪০ লাখ শিশুর ব্যবধানের বিষয়টি পর্যালোচনা করে বাদ পড়া শিশুদের খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়।
আগের ক্যাম্পেইন শেষ হওয়ার পরদিন থেকে ঈদুল আজহার পরদিন পর্যন্ত অনুসন্ধান চালিয়ে আরও প্রায় ১৪ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এরপরও দেশে হাম পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় নতুন করে ক্যাচআপ কর্মসূচি নেওয়া হয়েছে। মন্ত্রীর তথ্য অনুযায়ী, ইউনিসেফ ১০ দিনের মধ্যে আরও ৪০ লাখ ডোজ টিকা সরবরাহ করেছে। আগের মজুতের সঙ্গে নতুন টিকা যুক্ত করে এবার ৩৪ লাখ শিশুকে লক্ষ্য করে কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ১০ লাখ নতুন জন্ম নেওয়া শিশু এবং ২৪ লাখ আগে বাদ পড়া শিশু রয়েছে।
সাখাওয়াত হোসেন বলেন, নতুন ধাপের কর্মসূচিতে দেশের প্রতিটি ইউনিয়নে টিকাদান ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। উপজেলা পর্যায়ে প্রশাসন, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে আগের তুলনায় আরও জোরালোভাবে কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মজীবী মায়েদের কথা বিবেচনায় রেখে বন্ধের দিনেও টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সন্ধ্যার পরও টিকাদান কার্যক্রম চালু রাখার কথা জানিয়েছেন তিনি।
এই ক্যাম্পেইনে ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, বর্তমান কর্মসূচি শেষ হওয়ার পরও প্রায় ১০ লাখ ডোজ টিকা মজুত থাকবে। এরই মধ্যে ৪৩ লাখ ডোজ বিভিন্ন উপজেলায় বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে মপআপ কর্মসূচির মাধ্যমে যেসব শিশু কোনো কারণে টিকা থেকে বাদ পড়বে, তাদেরও টিকার আওতায় আনার জন্য প্রয়োজনীয় টিকা সংরক্ষণ করা হচ্ছে।
হামের মতো অত্যন্ত সংক্রামক রোগ নিয়ন্ত্রণে টিকাদানের পাশাপাশি অভিভাবকদের সচেতনতা এবং সময়মতো শিশুকে টিকাদান কেন্দ্রে নিয়ে যাওয়াকেও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। কর্মসূচিটি সফল করতে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তিনি।