পদ্মার বিস্তীর্ণ চরাঞ্চল কি অপরাধী চক্রের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হচ্ছে? কুষ্টিয়ার দৌলতপুর, রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর ও পাবনার সীমান্তবর্তী পদ্মার চরাঞ্চলে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন, সশস্ত্র সন্ত্রাসী তৎপরতা, চাঁদাবাজি, জমি দখল, অপহরণ, অস্ত্র ও মাদক কারবারের অভিযোগ ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষ করে কুষ্টিয়া সদর উপজেলার আটমাইল থেকে পাকশী, লালপুরের বিলমাড়ীয়া ও তিলোকপুর, রাজশাহীর বাঘা উপজেলার চাকলার চর ও চকরাজাপুর এবং কুষ্টিয়ার দৌলতপুরসহ পদ্মা নদীর অন্তর্ভুক্ত চার জেলার বিভিন্ন চরাঞ্চলে গত ১৪ মাসে একাধিক হত্যাকাণ্ড ও নিখোঁজের ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এসব ঘটনায় বিভিন্ন এলাকার নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলায় আসামি করার অভিযোগও উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মার দুর্গম চরাঞ্চল ও নদীপথকে কাজে লাগিয়ে একাধিক অপরাধী চক্র বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে বলে অভিযোগ রয়েছে। জমির মালিক ও বৈধ বালুমহাল ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন, চাঁদা দাবি, জমি দখল, অপহরণ এবং অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ দীর্ঘদিনের।
অভিযোগ রয়েছে, এসব কর্মকাণ্ডে প্রতিবাদ করলেই প্রাণনাশের হুমকি ও শারীরিক হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। ফলে জমির মালিক, বৈধ ব্যবসায়ী, শ্রমিক ও নদীপথে চলাচলকারী মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
পদ্মা নদীর অন্তর্ভুক্ত চার জেলার দৌলতপুর, বাঘা, লালপুর ও ঈশ্বরদী উপজেলা-সংলগ্ন চরাঞ্চলের বিভিন্ন স্থানে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ স্থান নাটোর জেলার লালপুর থানাধীন তিলোকপুর ঘাট থেকে নিয়মিত রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন করছে সশস্ত্র সন্ত্রাসী বাহিনীরা।
স্থানীয়দের দাবি, সংঘবদ্ধ চক্রের প্রভাব ও ভয়ভীতির কারণে অনেকেই প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। অবৈধ বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীর গতিপথ, তীরবর্তী বসতি, কৃষিজমি, পরিবেশ ও বৈধ বালুমহাল ব্যবস্থাপনা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। তাই সংশ্লিষ্ট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নৌ-পুলিশ ও খনিজসম্পদ-সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত নজরদারি জরুরি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৯ নভেম্বর পরিচালিত ‘অপারেশন ফার্স্ট লাইট’-এ রাজশাহী, নাটোর ও পাবনার সীমান্তবর্তী পদ্মার চরাঞ্চল থেকে ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে কুষ্টিয়ার দৌলতপুর থেকে আরও ৯ জনসহ চার জেলায় মোট ৬৭ জন গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়।
কিছুদিন পূর্বে পদ্মা নদীর সন্ত্রাসী কথিত কাঁকন বাহিনীর শ্যুটার রায়হান ও টুয়েল ফরাজীকে গ্রেপ্তার করে কুষ্টিয়া জেলা পুলিশের চৌকস অভিযানিক দল।
পরবর্তী সময়ে ২০২৬ সালের ৯ অক্টোবর পদ্মার চরাঞ্চলে পুনরায় সমন্বিত অভিযান পরিচালিত হয়। ওই অভিযানে কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে ২৫ জন গ্রেপ্তারের তথ্য প্রকাশ করা হয়।
এছাড়া ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে ফাঁকা গুলি ছুড়ে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ ওঠে। পরবর্তীতে বৈরাগীরচর এলাকার পূর্ব ফিলিপনগর নামক স্থান থেকে কুষ্টিয়া জেলা পুলিশের অভিযানে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয় বলে জানা গেছে।
এসব অভিযান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। তবে স্থানীয়দের প্রশ্ন, অভিযানের পরও যদি অপরাধী চক্র পুনরায় সক্রিয় হয়ে ওঠে, তাহলে চরাঞ্চলে স্থায়ী নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে আরও কী পদক্ষেপ নেওয়া হচ্ছে?
পদ্মা নদীকে কেন্দ্র করে কুষ্টিয়া, রাজশাহী, নাটোর ও পাবনা জেলার ভৌগোলিক সংযোগ থাকায় অপরাধ দমনে বিচ্ছিন্ন অভিযান নয়, বরং সমন্বিত প্রশাসনিক উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট চার জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, র্যাব, নৌ-পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে তথ্য বিনিময় ও যৌথ অভিযান জোরদার করা জরুরি।
বিশেষ করে—
পদ্মার চরাঞ্চলে কোনো ব্যক্তি, সন্ত্রাসী গোষ্ঠী কিংবা অপরাধী চক্রের নিজস্ব আইন বা কর্তৃত্ব প্রতিষ্ঠার সুযোগ থাকা উচিত নয়। রাষ্ট্রের আইন ও প্রশাসনিক কর্তৃত্বের বাইরে গিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রের ভয় দেখানো, অপহরণ কিংবা অবৈধ সম্পদ আহরণের অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে হবে।
স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, কুষ্টিয়া, রাজশাহী, নাটোর ও পাবনা—চার জেলার প্রশাসন সমন্বিত উদ্যোগে পদ্মার চরাঞ্চলে অপরাধ দমনে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করবে।
অপরাধীর কোনো দল নেই, কোনো পরিচয় তাকে আইনের ঊর্ধ্বে রাখতে পারে না। পদ্মার চরাঞ্চল হবে না কোনো অপরাধী চক্রের অভয়ারণ্য। নদী, জনপদ, জমি ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আইনের শাসন প্রতিষ্ঠা, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং সাধারণ মানুষের নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত করাই হোক চার জেলার প্রশাসনিক সমন্বয়ের প্রধান অঙ্গীকার।
উল্লেখিত বিষয়ে নৌ-পুলিশ রাজশাহী অঞ্চলের লক্ষীকুন্ডা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর অরূপ কুমার কর বলেন, “আমি সদ্য যোগদান করেছি, তবে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী বাহিনীগুলোর বিষয়ে আইনগত সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হবে।”