মাদারীপুরে শিশুকে সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ উল্টে আবদুস সালাম (৪০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চার পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুস সালাম কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার পশ্চিম চর করমশি গ্রামের আবদুল বারেক ভূইয়ার ছেলে। তিনি মাদারীপুরের শিবচর থানায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শিবচর থানার একটি পুলিশবাহী পিকআপ ভ্যান বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর আদালতে আসামি পৌঁছে দিয়ে শিবচরের দিকে ফিরছিল। পখিরা এলাকায় পৌঁছালে সড়কে সাত বছর বয়সী শিশু ইমা আক্তার ও তার বাবা ইব্রাহিম সরদারকে দেখা যায়। তাদের পাশ কাটিয়ে যাওয়ার সময় তাদের নিরাপদে সাইড দিতে গিয়ে পিকআপটির চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে গাড়িটি সড়কের পাশে উল্টে যায়।
দুর্ঘটনার সময় পিকআপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আবদুস সালাম মারা যান। গাড়িতে থাকা অন্য পুলিশ সদস্য এবং সড়কে থাকা কয়েকজনও আহত হন।
আহত বেসামরিক ব্যক্তিদের মধ্যে রয়েছেন সদর উপজেলার পখিরা গ্রামের ইব্রাহিম সরদার ও তার মেয়ে ইলমা, শিবচরের ভান্ডারিকান্দি গ্রামের রেজ্জেক চোকদারের ছেলে সুলতান চোকদার, একই গ্রামের রুবেল চোকদার এবং ফরিদপুরের ভাঙ্গার আব্দুল হালিমের ছেলে নুরুজ্জামান।
আহত পুলিশ সদস্যরা হলেন পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক, পুলিশ সদস্য শরিফুল ইসলাম, সোহেল, হাসান ও শামীম। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাদের মাদারীপুর জেলা হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহত চার পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদেরও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা জানান, প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন, একটি শিশু ও তার বাবাকে নিরাপদে পাশ কাটিয়ে যেতে গিয়ে পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে একজন পুলিশ সদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
ঘটনার পর দুর্ঘটনার কারণ ও গাড়িটির নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সড়কে চলাচলের সময় বিশেষ করে ব্যস্ত বা জনবহুল এলাকায় যানবাহনের গতি ও নিয়ন্ত্রণের বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ, এই দুর্ঘটনা তা আবারও সামনে এনেছে।