বেসামরিক পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার ও এ খাতে সহযোগিতা বাড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির অর্থনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি জ্যাকব হেলবার্গ চুক্তিতে স্বাক্ষর করেন।
শনিবার বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে চুক্তি সইয়ের বিষয়টি জানানো হয়।
চুক্তির আওতায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক জ্ঞান বিনিময়ের সুযোগ বাড়বে। পাশাপাশি পারমাণবিক নিরাপত্তা, সুরক্ষা এবং বেসামরিক জ্বালানি খাতে দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হবে।
বিশেষজ্ঞ পর্যায়ে প্রযুক্তিগত তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে নিরাপদ ও শান্তিপূর্ণ কাজে পারমাণবিক প্রযুক্তির ব্যবহার, গবেষণা এবং জ্বালানি খাতে এর প্রয়োগ নিয়ে দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র বাড়তে পারে।
বিএনপির মিডিয়া সেলের পোস্টে বলা হয়েছে, ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে শুরু হওয়া পারমাণবিক সহযোগিতার উদ্যোগের ধারাবাহিকতায় এবার এই চুক্তি সই হলো।
বাংলাদেশ বর্তমানে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা গড়ে তুলছে। এর অংশ হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম এগিয়ে চলছে। ফলে পারমাণবিক নিরাপত্তা, প্রযুক্তিগত দক্ষতা ও বৈজ্ঞানিক সহযোগিতার বিষয়গুলো দেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
নতুন চুক্তিটি মূলত পারমাণবিক শক্তির বেসামরিক ও শান্তিপূর্ণ ব্যবহারকে কেন্দ্র করে। এতে পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক নীতিমালা মেনে সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়টিও গুরুত্ব পাবে।
বাংলাদেশের জ্বালানি চাহিদা বাড়ার প্রেক্ষাপটে পারমাণবিক শক্তিকে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে কাজে লাগানোর সক্ষমতা বাড়ানোকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি সেই সহযোগিতার ক্ষেত্রকে আরও বিস্তৃত করার একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।