ব্যাংক পরিচালনায় রাজনৈতিক ও পারিবারিক প্রভাব কমাতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত সংশোধনীতে ব্যাংকের পরিচালনা পর্ষদে মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের নিয়োগের সুযোগ বন্ধ করার কথা বলা হয়েছে। একই সঙ্গে পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ছয় বছর এবং একই পরিবারের পরিচালক সংখ্যা তিনজন থেকে দুজনে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।
ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা ও পরিচালনা পর্ষদের জবাবদিহি নিশ্চিত করতে ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ সংশোধনের খসড়া তৈরি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বাংলাদেশ ব্যাংকের সুপারিশের ভিত্তিতে তৈরি এই খসড়া অর্থমন্ত্রীর অনুমোদনের পর মন্ত্রিসভায় উপস্থাপনের কথা রয়েছে।
প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, কোনো ব্যক্তি একই ব্যাংকের পরিচালক হিসেবে টানা ছয় বছরের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না। ছয় বছর পর পুনরায় পরিচালক হতে চাইলে তাঁকে তিন বছর বিরতিতে থাকতে হবে। বর্তমানে একজন পরিচালক টানা সর্বোচ্চ ১২ বছর দায়িত্ব পালনের সুযোগ পান।
উল্লেখ্য, ২০১৮ সালে আইন সংশোধন করে পরিচালকদের মেয়াদ ছয় বছর থেকে বাড়িয়ে নয় বছর করা হয়। পরে ২০২৩ সালে তা আরও বাড়িয়ে ১২ বছর করা হয়েছিল। এবার আবারও মেয়াদ ছয় বছরে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্যাংকের পরিচালনা পর্ষদে পারিবারিক নিয়ন্ত্রণ কমাতেও কঠোরতা আসছে। বর্তমানে একটি পরিবারের সর্বোচ্চ তিনজন সদস্য একই ব্যাংকের পরিচালক হতে পারেন। নতুন প্রস্তাবে এ সংখ্যা কমিয়ে দুজন করার কথা বলা হয়েছে। একই পরিবারের নিয়ন্ত্রণাধীন বা স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি পরিচালক রাখার সুযোগও দুজন থেকে কমিয়ে একজন করার প্রস্তাব রয়েছে।
পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যাও বাড়ানো হচ্ছে। বর্তমানে ২০ সদস্যের পরিচালনা পর্ষদে অন্তত তিনজন স্বতন্ত্র পরিচালক রাখার বিধান রয়েছে। নতুন প্রস্তাবে তা বাড়িয়ে চারজন করার কথা বলা হয়েছে। ২০ জনের কম সদস্যের পর্ষদে স্বতন্ত্র পরিচালকের ন্যূনতম সংখ্যা দুজন থেকে বাড়িয়ে তিনজন করার প্রস্তাব রয়েছে।
স্বতন্ত্র পরিচালক নিয়োগের যোগ্যতায়ও আসছে নতুন শর্ত। নিয়োগের আগের অন্তত তিন বছর সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে ওই ব্যাংক বা ব্যাংকসংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ স্বার্থের সম্পর্ক থাকা যাবে না।
রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যাংক পরিচালনা নিশ্চিত করতে মন্ত্রিসভার সদস্য বা সমমর্যাদার ব্যক্তি, সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের প্রতিনিধিদের ব্যাংকের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগের অযোগ্য ঘোষণার প্রস্তাব করা হয়েছে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার। তাঁর মতে, ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে রাজনৈতিক ব্যক্তিদের দূরে রাখাই ভালো।
এদিকে ব্যাংকের মালিকানায় দেশি-বিদেশি কৌশলগত বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানোর প্রস্তাবও রয়েছে খসড়ায়। বর্তমানে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা একই পরিবারের সদস্যরা সরাসরি কিংবা পরোক্ষভাবে একটি ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার কিনতে পারেন না। নতুন প্রস্তাবে কৌশলগত বিনিয়োগকারীদের ক্ষেত্রে এই সীমা শিথিল করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংককে দেওয়ার কথা বলা হয়েছে। বিনিয়োগকারীর যোগ্যতা ও প্রয়োজনীয় শর্ত নির্ধারণ করবে কেন্দ্রীয় ব্যাংক।
পরিচালকের পদ হারানোর পর ঋণ পরিশোধের ক্ষেত্রেও কঠোর বিধান আনার প্রস্তাব করা হয়েছে। কোনো পরিচালকের পদ শূন্য হলে সংশ্লিষ্ট ব্যাংক থেকে নেওয়া তাঁর ঋণ বা অগ্রিমের সম্পূর্ণ বকেয়া পরিশোধ করতে হবে। ঋণ পুনঃতফসিল কিংবা অন্য কোনো উপায়ে নিয়মিত করার সুযোগ না রাখার প্রস্তাব রয়েছে।
এ ছাড়া কোনো পরিচালক টানা তিন মাসের বেশি পর্ষদ সভায় অনুপস্থিত থাকার ছুটি নিতে পারবেন না। বছরে একবারের বেশি এ ধরনের ছুটি নেওয়ার সুযোগও থাকবে না।
ব্যাংকের পরিচালনা পর্ষদ আমানতকারীদের স্বার্থের পরিপন্থী কাজ করলে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের ক্ষমতাও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকের পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ গঠন করতে পারবে। নতুন পর্ষদের মেয়াদ হবে সর্বোচ্চ তিন বছর।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর প্রস্তাবিত সংস্কারকে ইতিবাচক হিসেবে দেখলেও স্বতন্ত্র পরিচালকের সংখ্যা আরও বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। তাঁর মতে, পরিচালনা পর্ষদের ৫০ শতাংশ সদস্য স্বতন্ত্র পরিচালক হওয়া উচিত। পাশাপাশি দেশি-বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার কেনার সুযোগ বাড়ানোরও পরামর্শ দিয়েছেন তিনি।
তবে এসব পরিবর্তন এখনো প্রস্তাবের পর্যায়ে রয়েছে। মন্ত্রিসভার অনুমোদন এবং পরবর্তী আইন প্রণয়নের প্রক্রিয়া শেষ হওয়ার পরই সংশোধনীগুলো কার্যকর হতে পারে।