বিরোধী দলের ধারাবাহিক অসহযোগিতা ও বিভিন্ন আন্দোলন কর্মসূচির কারণেই আওয়ামী লীগের কেউ কেউ ডিসেম্বরকে কেন্দ্র করে দেশে ফেরার সুযোগ খুঁজছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকায় জিল্লুর রহিম কলেজ প্রাঙ্গণে আয়োজিত বিশেষায়িত ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবির ও ওষুধ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ্যানি বলেন, সরকার শপথ নেওয়ার দিন থেকেই বিরোধী দল নানা উপায়ে অসহযোগিতা করে আসছে। তাঁর দাবি, এই রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়েই কেউ কেউ ডিসেম্বরকে সামনে রেখে দেশে আসতে চাইছে। বিরোধী দল লংমার্চসহ বিভিন্ন কর্মসূচি না দিলে এমন সুযোগ তৈরি হতো না বলেও মন্তব্য করেন তিনি।
পানিসম্পদমন্ত্রী বলেন, ‘আমরা যেদিন শপথ নিয়েছি, সেদিন বিরোধী দল উপস্থিত হয়নি। প্রথম দিন থেকে এখন পর্যন্ত বিরোধী দল প্রতিমুহূর্তে সরকারি দলকে সব রকমের অসহযোগিতা করে যাচ্ছে। এই অসহযোগিতার কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়।’
বিরোধী দলের সংসদীয় ভূমিকা ও রাজপথের কর্মসূচির মধ্যে পার্থক্য নিয়েও প্রশ্ন তোলেন এ্যানি। তাঁর ভাষ্য, সংসদের ভেতরে বিরোধী দল সরকারের সঙ্গে সহযোগিতার কথা বললেও বাইরে এসে লংমার্চ, রোডমার্চসহ নানা কর্মসূচি পালন করছে।
তিনি বলেন, সাম্প্রতিক এসব কর্মসূচির কারণে জ্বালানি খরচের পাশাপাশি যানজট তৈরি হচ্ছে এবং সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি বাড়ছে। এমনকি অসুস্থ রোগীদেরও দুর্ভোগে পড়তে হচ্ছে বলে দাবি করেন তিনি। এ ধরনের কর্মসূচিকে সরকারকে সহযোগিতার নমুনা হিসেবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন পানিসম্পদমন্ত্রী।
সম্প্রতি গ্যাস, তেল ও বিদ্যুৎ–সংক্রান্ত দাবিতে বিরোধী দলের কর্মসূচির প্রসঙ্গ তুলে এ্যানি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশ একটি কঠিন পরিস্থিতির মধ্যে ছিল। ফলে দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি–সংক্রান্ত সব সংকটের সমাধান করা সম্ভব নয়।
তিনি বলেন, ‘আমরা তো একটা ধ্বংসস্তূপের ওপর দায়িত্বে এসেছি। আমরা এসেই কি ছয় মাসের মধ্যে গ্যাস-বিদ্যুৎ সব দিয়ে দিতে পারব?’
বিরোধী দলের সাম্প্রতিক লংমার্চ কর্মসূচির কথাও উল্লেখ করেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, ঢাকার বাইরে বিভিন্ন এলাকায় লংমার্চ ও রোডমার্চের মাধ্যমে বিরোধী দল সরকারের ওপর চাপ সৃষ্টি করছে। গ্যাস, তেল ও বিদ্যুৎ সংকটের মতো জনসম্পৃক্ত বিষয়কে কেন্দ্র করে এসব কর্মসূচি পালন করা হলেও এর ফলে সাধারণ মানুষের দুর্ভোগ তৈরি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এ্যানি আরও বলেন, বিএনপিকে রাজনৈতিকভাবে চাপে রেখে বিরোধী দল ভবিষ্যতে ক্ষমতায় যেতে চায়। তাঁর অভিযোগ, অতীতের নির্বাচনী রাজনীতিতেও বিভিন্নভাবে ভোট প্রভাবিত করার চেষ্টা হয়েছে। তবে এ সময় তিনি যেসব অভিযোগ করেন, সেগুলোর বিস্তারিত প্রমাণ বা নির্দিষ্ট ঘটনার তথ্য তুলে ধরেননি।
তিনি বলেন, ভবিষ্যতে কোনো রাজনৈতিক পক্ষ যেন সুযোগ নিয়ে দেশের বা জনগণের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে বিএনপি সতর্ক থাকবে। জনগণের স্বার্থে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দলটি বর্তমান অবস্থানে এসেছে বলেও দাবি করেন তিনি।
বক্তব্যে ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গও তুলে ধরেন পানিসম্পদমন্ত্রী। তাঁর দাবি, ৫ আগস্টের ঘটনা হঠাৎ করে ঘটেনি; এর পেছনে দীর্ঘ সময়ের আন্দোলন-সংগ্রাম ছিল। ছাত্র, যুবক ও তরুণদের মাঠের আন্দোলন সেই পরিস্থিতি তৈরিতে ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।
এ্যানি বলেন, ১৭ বছর ধরে চলা আন্দোলনের ধারাবাহিকতায় রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি হয়েছে। এরপর ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে বিএনপি দেশের দায়িত্ব পেয়েছে এবং বর্তমানে সরকার পরিচালনা করছে।
লক্ষ্মীপুরের ওই অনুষ্ঠানে জেলা ও স্থানীয় পর্যায়ের বিএনপি নেতারা ছাড়াও চিকিৎসক, প্রশাসনের কর্মকর্তা এবং আয়োজক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মেডিকেল ক্যাম্পে বিশেষায়িত চিকিৎসাসেবা, চক্ষু পরীক্ষা এবং রোগীদের মধ্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।