বিয়ের প্রলোভন দেখিয়ে এবং ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব জাহিদ মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে গাজীপুরের পূবাইলের মাঝুখান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে গাজীপুরের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, জাহিদ মুন্সি (২৬) গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার মুনসুরপুর গ্রামের জাকির মিস্ত্রির ছেলে। তিনি সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, সম্পর্কের একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে ওই ছাত্রীকে একটি গেস্ট হাউজে নিয়ে যান জাহিদ। সেখানে তাকে ধর্ষণ করা হয় এবং তার ব্যক্তিগত ছবি ও ভিডিও মোবাইল ফোনে ধারণ করা হয়। পরে এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই ছাত্রীকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
মামলার অভিযোগে আরও বলা হয়, বিভিন্ন রিসোর্ট ও হোটেলের পাশাপাশি কলেজের কাছাকাছি রেলওয়ের একটি পরিত্যক্ত কোয়ার্টারেও ওই ছাত্রীকে নিয়ে যাওয়া হয়। ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে এসব স্থানে তাকে যৌন নির্যাতনের শিকার হতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
এ ঘটনায় গত ১৪ সেপ্টেম্বর ভুক্তভোগী ছাত্রীর বড় বোন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেন। মামলা হওয়ার পর থেকেই জাহিদ মুন্সি আত্মগোপনে ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
পরে তার অবস্থান শনাক্ত করে বুধবার রাতে পূবাইলের মাঝুখান এলাকায় অভিযান চালায় কালীগঞ্জ থানা পুলিশ। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত জাহিদ মুন্সি পলাতক ছিলেন। বুধবার রাতে পূবাইলের মাঝুখান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
মামলাটি এখন তদন্তাধীন। অভিযোগের সত্যতা, ঘটনার বিস্তারিত এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় তদন্তের মাধ্যমে যাচাই করা হবে বলে জানিয়েছে পুলিশ।