বাবাকে হারানোর ভয় নয়, বাবাকে আবার সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার অপেক্ষায় দিন কাটছে বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণির। কয়েক দিন আগেও যে মেয়েটি বাবার পাশে বসে কাঁদছিল, সোমবার সেই বাবাকেই তিন মাসের জন্য বিদায় দিতে হয়েছে তাকে।
তুবার বাবা অনিক সরদারকে চুরির অভিযোগে আটকে রেখে মারধরের ঘটনা সামনে আসার পর পরিবারটি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অনিককে বেঁধে রাখা অবস্থায় চা ও রুটি খেতে দেখা যায়। এরপর প্রশাসন পরিবারটির পাশে দাঁড়ায় এবং অনিকের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় প্রশাসন ও কয়েকজন সহায়তাকারীর সহযোগিতায় অনিককে একটি পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়। সেখানে তিন মাস চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম শেষে তিনি স্বাভাবিক জীবনে ফিরবেন বলে আশা করছে পরিবার।
বাবাকে বিদায় দেওয়ার আগে তুবার সঙ্গে কথা হলে সে বারবার বলছিল, তার বাবা খারাপ মানুষ নন। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। বাবাকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার পাশাপাশি তিনি যেন একটি কাজ পান—এটাই এখন তুবার সবচেয়ে বড় চাওয়া।
গত শনিবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে বাবাকে আটকে মারধরের খবর পেয়ে ঘুম থেকে ছুটে বের হয়েছিল তুবা। সঙ্গে ছিলেন তার মা জান্নাত ও ছোট বোন।
ঘটনাস্থলে গিয়ে তুবা দেখে, তার বাবাকে বেঁধে রাখা হয়েছে। কয়েকজন তাকে লাঠি দিয়ে আঘাত করছেন এবং লাথি মারছেন। বাবাকে ছেড়ে দেওয়ার জন্য সে কাঁদতে কাঁদতে অনুরোধ করলেও তাৎক্ষণিকভাবে তার কথা শোনা হয়নি বলে জানায় তুবা।
দীর্ঘ সময় ধরে সেখানে থাকার পর বাবার ক্ষুধার বিষয়টি তার চোখে পড়ে। একপর্যায়ে কেউ একজন চা ও রুটি দিলে তুবা নিজ হাতে বাবাকে তা খাওয়ায়।
ভোররাত থেকে দুপুর পর্যন্ত বাবা-মেয়ের পরিবারটি সেখানে আটকে থাকার মতো অবস্থায় ছিল বলে তুবার বর্ণনায় উঠে এসেছে। সে জানায়, নিজেরও খাওয়া হয়নি। তারপরও বাবাকে একা রেখে যায়নি।
বাবাকে শেষ পর্যন্ত বাড়িতে নিয়ে আসতে পারার পর তুবা কিছুটা স্বস্তি পেয়েছিল। কিন্তু তার সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। কারণ, বাবার শারীরিক অবস্থা ভালো ছিল না।
তুবা চায়, চিকিৎসা শেষে বাবা সুস্থ হয়ে বাড়িতে ফিরুন। এরপর তিনি যেন কোনো কাজ পান। তুবার বিশ্বাস, বাবা কাজ করতে পারলে সংসারের অভাব-অনটন অনেকটাই কমে যাবে।
ঘটনার পর তাদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্যও চাপ দেওয়া হয়েছিল বলে তুবা ও তার পরিবারের অভিযোগ। তুবার ভাষ্য, কয়েকজন তাদের গ্রাম ছাড়ার কথা বলেছিলেন। পরে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এলাকায় যাওয়ার পর পরিস্থিতি শান্ত হয়।
তুবার মা জান্নাত বলেন, ওই রাতে খবর পাওয়ার পর তারা দ্রুত ঘটনাস্থলে যান। তুবা এতটাই আতঙ্কিত ও ব্যস্ত হয়ে পড়েছিল যে স্যান্ডেল পরার কথাও মনে ছিল না।
জান্নাতের অভিযোগ, মেয়ের সামনে অনিককে মারধর করার সময় তুবা চিৎকার করে বাবাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করছিল। কিন্তু অনেকে তখনও ঘটনাটি থামানোর বদলে মোবাইলে ভিডিও করছিলেন।
একজন শিশুর সামনে তার বাবাকে এভাবে মারধরের দৃশ্য তুবার ওপর কী প্রভাব ফেলেছে, সেটিই এখন পরিবারের বড় উদ্বেগগুলোর একটি।
অনিক সরদারের দাবি, চুরির অভিযোগটি সত্য নয়। তার সঙ্গে পূর্বশত্রুতা এবং জমি নিয়ে বিরোধের কারণে তাকে ফাঁসানো হয়েছে।
তিনি বলেন, তার কাছ থেকে কোনো চোরাই মালামাল উদ্ধার করা হয়নি এবং অভিযোগের পক্ষে কোনো প্রমাণও দেখানো হয়নি। নিজের পৈতৃক ভিটায় যাতে তিনি থাকতে না পারেন, সে উদ্দেশ্যেই তাকে এভাবে হয়রানি করা হয়েছে বলে দাবি করেন তিনি।
মেয়ের সামনে বেঁধে মারধরের ঘটনা তাকে ভীষণভাবে নাড়া দিয়েছে জানিয়ে অনিক বলেন, এখন তিনি স্বাভাবিক জীবনে ফিরতে চান। পরিবারের জন্য একটি স্থায়ী আয়ের ব্যবস্থা করতে পারাটাকেও তিনি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা জানান, ঘটনা জানার পর রোববার তিনি তুবার পরিবারের সঙ্গে দেখা করেন। এরপর পরিবারটির জন্য সহযোগিতার বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়।
অনিক অসুস্থ থাকায় তার চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সোমবার তাকে একটি মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছে। সেখানে তিন মাস থাকার কথা রয়েছে। এ সময় পরিবারের ভরণপোষণসহ প্রয়োজনীয় সহযোগিতায় উপজেলা প্রশাসন ও স্থানীয় সুশীল সমাজ পাশে থাকবে বলে জানান ইউএনও।
অনিককে কেন্দ্রে পাঠানোর সময় উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এসএম আলাউদ্দিন পরিবারটিকে নগদ অর্থ দিয়ে সহায়তা করেছেন বলেও জানান তিনি।
অনিকের বিরুদ্ধে আনা চুরির অভিযোগের সত্যতা এবং তাকে মারধরের ঘটনায় কারা জড়িত—এসব বিষয় এখন তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়ার অপেক্ষায়। তবে ঘটনার মধ্যে সবচেয়ে বেশি যে দৃশ্যটি মানুষের নজর কেড়েছে, সেটি হলো বাবাকে বাঁচানোর জন্য ছোট্ট তুবার আকুতি।
তিন মাসের অপেক্ষা এখন তুবার পরিবারের। বাবা চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরবেন, আবার কাজ করবেন—এই আশাতেই বাবাকে বিদায় জানিয়েছে ছোট্ট মেয়েটি।