
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের সালমা গার্ডেনে অবস্থিত রহিম উল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে।
বাড়িতে অবস্থানরত রহিম উল্লাহর ভগ্নিপতি রফিকুল ইসলাম জানান, রাতের দিকে ১৫ থেকে ২০ জনের একটি অস্ত্রধারী দল বাড়ির সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। প্রথমে তারা বাড়ির বিভিন্ন কক্ষে থাকা মূল্যবান জিনিসপত্র লুট করে। এরপর পেট্রল ঢেলে বাড়ির তিনটি কক্ষে আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে বাড়ির সামনে রাখা একটি ট্রাকেও আগুন দেওয়া হয়।
আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন এগিয়ে এসে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তাদের ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যাওয়ার খবর পাওয়া যায়।
সোনাগাজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নুরুল আলম জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তবে পথে আগুন নিয়ন্ত্রণে আসার খবর পাওয়ায় তাদের আর ঘটনাস্থলে যেতে হয়নি।
ঘটনার বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা, কী উদ্দেশ্যে এ হামলা ও অগ্নিসংযোগ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগী পক্ষকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কারাগারে রয়েছেন সাবেক এই সংসদ সদস্য
হাজী রহিম উল্লাহ ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ২০১৪ সালের ২৯ জানুয়ারি থেকে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত জাতীয় সংসদে এ আসনের প্রতিনিধিত্ব করেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ১২ অক্টোবর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। পরদিন তাকে ফেনী সদর আমলি আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তী সময়ে ২০২৪ সালে ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
এদিকে, গত ১১ নভেম্বর তার বিরুদ্ধে ৩ কোটি ৮৪ লাখ ৪৬ হাজার ৫২১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের অভিযোগ অনুযায়ী, নিজের ও স্ত্রীর নামে স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছিলেন তিনি।
এদিকে সাবেক এই সংসদ সদস্যের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে হামলার পেছনে কারা জড়িত, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে এবং এর সঙ্গে রহিম উল্লাহর বর্তমান রাজনৈতিক ও আইনি পরিস্থিতির কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করার উদ্যোগ নেওয়া হবে।