
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে কড়া ও আপত্তিকর মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসাধারণ সম্পাদক হিমেল আল ইমরান। তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘পাগল উন্মাদ’ এবং আওয়ামী লীগের ‘পোষা কুকুর’ বলে মন্তব্য করেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাদারীপুরের রাজৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদল আয়োজিত আনন্দ র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হিমেল আল ইমরান।
বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে আরও নানা ধরনের মন্তব্য করেন ছাত্রদলের এই নেতা। তিনি বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম শুনলেই মানুষের মধ্যে ‘বাটপার বাটপার’ ভাব চলে আসে। তার দাবি, সারা দেশের মানুষ নাসীরুদ্দীনকে ‘ডারবি নাসীর’ নামে চেনে।
হিমেল আল ইমরান বলেন, ‘নাসীরুদ্দীন একটা পাগল উন্মাদ, আওয়ামী লীগের পোষা কুকুর।’
এরপর বিএনপির নেতৃত্ব ও দলীয় রাজনীতি প্রসঙ্গেও বক্তব্য দেন তিনি। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারে আসার পর দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের চেষ্টা করছে বলে দাবি করেন হিমেল।
তিনি বলেন, বাংলাদেশ ছাত্রদলের কোনো কর্মী দলটিকে কলঙ্কিত করেনি। তারেক রহমান সাত মাস ক্ষমতায় এসেছেন এবং নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করছেন বলেও তিনি মন্তব্য করেন। তার ভাষ্য, এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারেক রহমানের বক্তব্য ও কাজের মধ্যে সামঞ্জস্য রয়েছে বলে বোঝা যায়।
রাজৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ছাত্রদলের এই নেতা। তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেখানে বড় কোনো কর্মসূচি হয়নি। দলের অনেক নেতাকর্মীর উপস্থিতি না থাকায় তিনি হতাশা প্রকাশ করেন।
হিমেল আল ইমরান বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজৈরে বড় কোনো প্রোগ্রাম হয়নি। কারও মাথা খুঁজে পাওয়া যায়নি। আমার লজ্জা লাগছে।’
দলীয় আদর্শের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, যারা নিজেদের মনে বিএনপিকে ধারণ করার দাবি করেন কিন্তু অন্তরে দলটির আদর্শ ধারণ করেন না, তাদের প্রতি দলের নেতাকর্মীদের আস্থা নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণকারীরা কোনো ধরনের খারাপ কাজে জড়াবেন না বলেও মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে প্রতিপক্ষ রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে নেতাদের এমন মন্তব্য সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্কের জন্ম দেয়। তবে রাজৈরের ওই সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে হিমেল আল ইমরানের বক্তব্যই ছিল আলোচনার অন্যতম বিষয়।