নড়াইলের নড়াগাতীতে একাধিক অস্ত্র ও মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. এসকেন শেখকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুটিমারী গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় নড়াগাতী থানার কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে নড়াগাতী থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন ও এসআই হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল পুটিমারী গ্রামে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে একাধিক অস্ত্র ও মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি এসকেন শেখকে আটক করা হয়। পরে তাকে হ্যান্ডকাপ পরিয়ে পুটিমারী বাজারের দিকে নিয়ে যাচ্ছিল পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এ সময় এসকেনের স্বজন ও অনুসারীরা অতর্কিতভাবে পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, এসকেনের বাবা বাবলু শেখ এবং ভাই নয়ন শেখ ও সজল শেখ লাঠিসোঁটা নিয়ে এসআই মুরাদ হোসেনের হাত, পিঠ ও ঘাড়ে আঘাত করেন।
অভিযোগ রয়েছে, এসকেনের মামাতো ভাই হৃদয় মোল্লা, প্রতিবেশী আল আমিন শেখ, সাবেক নড়াগাতী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিজানুর মোল্লা, তাজু শেখ, শামীম শিকদার, হাফিজুর রহমান ও রাসেল শেখসহ স্থানীয় কয়েকজন এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপ পরা এসকেন শেখকে ছিনিয়ে নিয়ে যান।
ঘটনার খবর পেয়ে নড়াগাতী থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
পুলিশ জানায়, আসামিকে ছিনিয়ে নেওয়ার পর তার ব্যবহৃত হ্যান্ডকাপটি উদ্ধারে অভিযান চালানো হয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পুটিমারী ঈদগাহের গেটের সামনে থেকে পুলিশের সেই হ্যান্ডকাপটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে ঘটনার পর থেকে এসকেন শেখ পলাতক রয়েছেন।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারি কাজে বাধা দেওয়া এবং পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক আসামি এসকেন শেখকে পুনরায় গ্রেপ্তার এবং হামলায় জড়িতদের আটক করতে ওই এলাকায় অভিযান চালানো হচ্ছে।
পুলিশের ওপর হামলা ও হ্যান্ডকাপসহ গ্রেপ্তার আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি পলাতক আসামিকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।